বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল এখন ঢাকায়। একই সময়ে ইংলিশদের টেস্ট দল রয়েছে নিউজিল্যান্ডে। ওয়েলিংটনে চলছে সিরিজের দ্বিতীয় টেস্টের খেলা। সেই টেস্ট স্কোয়াডকে একজন খেলোয়াড়কে ঢাকায় ডেকেছে ইংলিশরা।
ইংল্যান্ড দলের পক্ষ থেকে জানানো হয়েছে, টেস্ট স্কোয়াডে থাকা উইল জ্যাক বাংলাদেশ সফরের ওয়ানডে দলে যুক্ত হবেন। শনিবারই তার দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।
ডেইলি মেইলের খবর, উইল জ্যাক ওয়ানডে দলে যুক্ত হবেন। চোটের কারণে ছিটকে যাওয়া টম অ্যাবেলের জায়গা পূরণ করবেন তিনি।
টি-টোয়েন্টি দলে অবশ্য আগে থেকেই ছিলেন উইল জ্যাক। তাই আগামী সপ্তাহে তার বাংলাদেশে আসার কথা ছিল। তবে ওয়ানডে দলে যুক্ত করায় আগে ভাগেই আসছেন তিনি।
ওয়ানডে ও টি-টোয়েন্টি- দুই সিরিজের জন্যই ইংল্যান্ড ১৪ জন করে রেখেছে স্কোয়াডে। উইল জ্যাক নিউজিল্যান্ড সফরে স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ১ মার্চ ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ৩ মার্চ। এরপর দুই দল যাবে চট্টগ্রামে। সেখানে ৬ মার্চ তৃতীয় ওয়ানডের পর প্রথম টি-টোয়েন্টি ৯ মার্চ। এরপর আবার মিরপুরে ফিরে ১২ ও ১৪ মার্চ হবে শেষ দুটি টি-টোয়েন্টি ম্যাচ।