রাবিতে শিক্ষার্থী নির্যাতন

তদন্তের সময় পেরিয়ে যাওয়ার পর চিঠি পেলেন ছাত্রলীগ নেতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির সময় ২২ ফেব্রুয়ারি শেষ হলেও এখনও প্রতিবেদন জমা দেয়নি। অভিযুক্ত হল ছাত্রলীগের নেতাদের চিঠি দিয়ে সাক্ষাৎ না পাওয়ায় তদন্তে ধীরগতি হচ্ছে বলে অভিযোগ করেন প্রাধ্যক্ষ ও তদন্ত কমিটির সদস্যরা।

তবে অভিযুক্ত ছত্রলীগ নেতার দাবি, শুক্রবার রাতে তাকে চিঠি দেওয়া হয়েছে। এতোদিন চিঠি না পাওয়ায় তিনি উপস্থিত হননি।

হল সূত্রে জানা যায়, রোববার (১২ ফেব্রুয়ারি) রাতে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কৃষ্ণ রায় নামের এক ছাত্রকে হল কক্ষে আটকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠে ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক মো. নাইম আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোলাইমানসহ ছাত্রলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। পরে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও হল প্রাধ্যক্ষের বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী শিক্ষার্থী।

পরদিন এ ঘটনায় হলের আবাসিক শিক্ষক অনুপম হিরা মণ্ডলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন। কমিটিকে তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু এই সময় পেরিয়ে যাওয়ার পর অভিযুক্তদের চিঠি দিয়েছে তদন্ত কমিটি।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান অনুপম হিরা দেশ রূপান্তরকে বলেন, আমাদের আরও কিছু সময় লাগবে। আমরা এই কয়দিন অভিযুক্তদের অতীত ঘটনার রেকর্ড নিয়ে ঘেটেছি। আজকে অভিযুক্তদের সাথে এবং ভুক্তভোগীর সাথে কথা বলেছি। তবে আমরা এটা বুঝতে পারছি যে, ভুক্তভোগীর সাথে যা ঘটেছে সেটা প্রীতিকর ছিল না।

তিনি আরও বলেন, গতকাল রাত পর্যন্ত অভিযুক্তরা চিঠি নিয়েছে। আর আজকে তারা হাজির হলো। এখন প্রত্যক্ষদর্শীদের ডেকে সাক্ষাৎকার নেওয়া হবে। তারপর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

তবে ভুক্তভোগী শিক্ষার্থী কৃষ্ণ রায়ের সাথে কথা বলে জানা যায়, তদন্ত কমিটি তার সাথে কোন যোগাযোগ করেনি। বরং তিনই নিজে গিয়ে প্রাধ্যক্ষের সাথে কথা বলেছেন।

প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, চিঠি দিয়ে অভিযুক্তদের না পাওয়ায় তদন্তে ধীরগতি হচ্ছে। তদন্ত কমিটি রবিবার পর্যন্ত সময় চেয়েছেন। তারা রবিবার প্রতিবেদন জমা দিতে পারবেন বলে জানিয়েছেন।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাঈম আলী দেশ রূপান্তরকে বলেন, আমাকে চিঠি না দিলে আমি কীভাবে উপস্থিত হবো। গতকাল রাত ১০টায় চিঠি দিয়েছে। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় আমি দেখা করেছি।