আত্মানুসন্ধানী শিক্ষায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত

১.

এই প্রজন্ম কতটা ইতিহাসের সত্যানুসন্ধানী সেটা বেশ ভালোভাবেই প্রতিনিয়ত টের পাই রাষ্ট্রবিজ্ঞানের একজন শিক্ষক হিসেবে, যেমন শ্রেণিকক্ষে, তেমনি আনন্দময় সহশিক্ষার সৃজনশীল আয়োজন ‘মঙ্গল আসর’-এর পাঠচক্রের আলোচনাতেও। আমাদের বাংলার আনাচে-কানাচে, আসা-যাওয়ার পথের ধারে মহান মুক্তিযুদ্ধের নানান স্মৃতিক্ষেত্র রয়েছে, অথচ শিক্ষার্থীদের কাছে সেসব বিষয়ে জানতে চাইলে নিজেকেই বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আমাদের ভাসানটেক সরকারি কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষে স্থাপিত হয়েছে স্বাধীনতার ইতিহাসভিত্তিক ম্যুরাল ‘বাংলাদেশের হৃদয় হতে’। কদিন আগে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পৌরনীতি ও সুশাসন বিষয়ে মুক্তিযুদ্ধের পাঠদানকালে আকস্মিক ভিজিলেন্সে উপস্থিত হন আমাদের কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদা খাতুন। তিনি আমার পাঠদানের বিষয়ে জেনে নিয়ে শিক্ষার্থীদের কাছে কলেজের উল্লেখযোগ্য শিক্ষণীয় স্থাপনার বিষয়ে প্রশ্ন করলে হাতে গোনা দু-একজন ছাড়া কেউই কিছু বলতে পারেনি। অথচ কলেজের প্রবেশ পথেই শহীদ মিনারের সঙ্গে ম্যুরালটি স্থাপিত। অনেকেই দৃষ্টিনন্দন ম্যুরালের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন কিন্তু মনোযোগ দিয়ে পড়েননি কিংবা পড়লেও মনে রাখতে পারেননি বঙ্গবন্ধুকে ঘিরে মুক্তিযুদ্ধের ইতিহাসের বিষয়বস্তু। যতদূর জানি, কলেজের মতন দেশের প্রতিটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানেও ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ বিষয়ে বিশেষ পাঠ ও পরীক্ষা গ্রহণের নীতিমালা অনুযায়ী ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে। এই প্রজন্মের শিক্ষার্থীদের মোবাইলসহ নানান তথ্যপ্রযুক্তির প্রতি যে পরিমাণ আগ্রহ ও মনোযোগ দেখি, সেই বিবেচনায় আত্মানুসন্ধানে দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও মহান শহীদদের বিষয়ে জানার আকুতি আশাব্যঞ্জক নয় বলেই বেদনাহত হই। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই এবং অনেক নিবেদিতপ্রাণ শিক্ষকই নিজেকে জানার গভীর প্রত্যয়ে স্বপ্নবান শিক্ষার্থীদের মনে স্বদেশপ্রেম, নৈতিক মূল্যবোধ সৃষ্টিতে সচেষ্ট থাকেন কিন্তু সেই প্রয়াস কতটুকু ফলপ্রসূ হয় তা শ্রেণিকক্ষের পাঠ অভিজ্ঞতায় নিজেকেই প্রশ্নবিদ্ধ করে।

২.

এত কথা বললাম একাত্তরের মহান শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের ওপর নির্মিত ফাখরুল আরেফিন খানের প্রামাণ্য চলচ্চিত্র ‘অবিনশ্বর’-এর প্রিমিয়ার শো দেখতে দেখতে ভাবনার জালে জড়িয়ে পড়ে। মুক্তিযুদ্ধের সত্য তথ্য নিয়ে তৈরি কাওসার চৌধুরীর ‘বধ্যভূমিতে এক দিন’, জাহিদুল ইসলাম বিপ্লবের ‘ওমর ফারুকের মা’ কিংবা ফাখরুল আরেফিন খানেরই আরেকটি চলচ্চিত্র ‘জেকে ৭১’Ñ দেখার স্মৃতি মনে পড়ায়। দেশের প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানেই ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা আছে। সেই সুবিধা গ্রহণ করে মুক্তিযুদ্ধ বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সঠিক চেতনা জাগরণে নিয়মিত প্রদর্শনের নীতিমালা প্রণীত হলে এবং বাস্তবায়নে যথাযথ মনিটরিং হলে সবার মধ্যেই প্রকৃত চেতনার বিকাশ ঘটবে বলেই আমি মনে করি। ইউটিউবসহ সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তির নানান সুযোগসমূহকে প্রতিহত করতে বিকল্প ইতিবাচক বাস্তবায়নযোগ্য ব্যবস্থা গ্রহণের কোনো বিকল্প আছে বলে মনে হয় না আমার।

৩.

ভাষার মাসে ভাষা আন্দোলনের রূপকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের লড়াই ও সংগ্রামের ওপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘অবিনশ্বর’-এর প্রিমিয়ার মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে ফাখরুল আরেফিন খানের পরিচালনায় ও গড়াই ফিল্মসের প্রযোজনায় প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। আমরা জানি, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত একজন বাঙালি আইনজীবী, সমাজকর্মী ও ভাষাসৈনিক। যিনি দেশভাগের আগে ভারতীয় উপমহাদেশের ভারত অংশে এবং পরে পূর্ব পাকিস্তানে রাজনীতিবিদ হিসেবে সক্রিয় ছিলেন। শহীদ বুদ্ধিজীবী ধীরেন্দ্রনাথ দত্ত ব্রিটিশবিরোধী কার্যকলাপের জন্য তিনি বেশ কয়েকবার গ্রেপ্তার হন। তিনি পাকিস্তান গণপরিষদের অধিবেশনের সব কার্যবিবরণী ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলায়ও রাখার দাবি উত্থাপন করেছিলেন। পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৪৮ সালের ২৪ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত সর্বপ্রথম বাংলা ভাষাকে আমাদের ‘রাষ্ট্রভাষা’ করার দাবি পাকিস্তান গণপরিষদে উত্থাপন করেন। ১৯৭১ সালের ২৯ মার্চ রাতে পাকিস্তানি বাহিনী ও তার দোসররা ধীরেন্দ্রনাথ দত্ত ও তার ছোট ছেলে দিলীপকুমার দত্তকে ধরে নিয়ে যায় এবং ময়নামতী সেনানিবাসে নির্যাতন করে হত্যা করে। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ধীরেন্দ্রনাথ দত্তের অবদান চিরস্মরণীয়। এটি নির্মাণ প্রসঙ্গে পরিচালক ফাখরুল আরেফীন খান বলেছেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে কজন মানুষকে নিয়ে আমরা সর্বময় আলোচনার মধ্যে থাকি, সেখানে ধীরেন্দ্রনাথ দত্ত অনুপস্থিত। তাকে আমরা কখনো আলোচনার মধ্যে আনি না। অথচ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল সূতিকাগার ভাষা আন্দোলনের প্রথম পদক্ষেপ নিয়েছিলেন তিনি। আর সে কারণেই শেষ পর্যন্ত তাকে প্রাণ দিতে হয়েছিল ১৯৭১ সালে। ধীরেন্দ্রনাথ দত্তের জীবন ও কর্মের ওপর নির্মিতব্য প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য হলো বাংলা ভাষার এই মহান সৈনিককে তরুণ প্রজন্মের কাছে বাংলা ভাষার আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও চেতনাকে পৌঁছে দেওয়া।

৪.

‘অবিনশ্বর’ প্রামাণ্যচিত্রের যে মূল উদ্দেশ্য বাংলা ভাষার যে মহান সৈনিককে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা, সেটি যথার্থভাবেই প্রতিফলিত হয়েছে বলে একজন দর্শক হিসেবে মনে হয়েছে। তবে মনে করি, শুধু বাছাই করা কিছু নির্দিষ্ট দর্শকের জন্য নয়, প্রামাণ্য চলচ্চিত্র ‘অবিনশ্বর’-এর মতন আরও সমগোত্রীয় প্রামাণ্য চলচ্চিত্র ও তথ্যচিত্রের বাছাই করা তালিকা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরব্যাপী প্রদর্শনীর নির্দেশনা দিতে পারে। তাহলেই সঠিক ইতিহাস চেতনায় সমৃদ্ধ নাগরিক গড়ে তোলার সরকারের প্রত্যাশিত নানান শুভ উদ্যোগ বিস্তৃত পরিসরে বাস্তবায়নের মাধ্যমে সোনার বাংলা গড়ে উঠবে বলেই গভীরভাবে আশাবাদী।

লেখক : সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ভাসানটেক সরকারি কলেজ, ঢাকা