যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী নিকি হ্যালি বলেছেন, তিনি ক্ষমতায় গেলে যুক্তরাষ্ট্রকে ঘৃণা করে এমন দেশগুলোকে সহায়তা প্রদান বন্ধ করে দেবেন। তার ভাষ্য, এসব দেশের মধ্যে আছে পাকিস্তান, চীন, ইরান ও অন্যরা। গত শনিবার যুক্তরাষ্ট্রের দৈনিক নিউইয়র্ক পোস্টে লেখা এক নিবন্ধে এসব কথা বলেছেন নিকি হ্যালি। তিনি বলেছেন, ‘আমাদের ঘৃণা করা দেশগুলোকে দেওয়া সহায়তা বন্ধ করে দেব। এক পয়সাও সহায়তা করব না।
শক্তিশালী আমেরিকা খারাপ লোকদের সহায়তা করে না। কেবল সেই নেতারাই আস্থাভাজন, যারা আমাদের শত্রুদের বিরুদ্ধে দাঁড়ান এবং বন্ধুদের পাশে থাকেন।’ যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের সাবেক গভর্নর নিকি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে প্রচারণা শুরু করেছেন তিনি।