কয়েক মাস ধরে ফিলিস্তিন-ইসরায়েল উত্তেজনা চরমে। গত বুধবার নাবলুসে ইসরায়েলি হামলায় এক দিনে নিহত হয়েছে ১১ ফিলিস্তিনি। ২০০০-২০০৫ সালের দ্বিতীয় ইন্তিফাদার পর যা এক দিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা। পরিস্থিতি বড় আকারের সংঘাতের দিকে যাচ্ছে। এ পরিস্থিতিতে সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্র এবং মিসরের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টার আওতায় জর্ডানের উদ্যোগে আলোচনায় বসেছে ইসরায়েল-ফিলিস্তিন। বহু বছর পর এই প্রথম শীর্ষ ইসরায়েলি এবং ফিলিস্তিনি নিরাপত্তা প্রধানদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শান্তি প্রচেষ্টার এই বৈঠক বসেছে লোহিত সাগর তীরবর্তী আকাবা বন্দর এলাকায়। ইসরায়েল ও ফিলিস্তিনের কর্মকর্তারা ছাড়াও জর্ডান, যুক্তরাষ্ট্র এবং মিসরের কর্মকর্তারা এ বৈঠকে অংশ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক বৈঠকে যোগ দিয়েছেন। জর্ডানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বৈঠকের লক্ষ্য শান্তি ফেরানো। পাশাপাশি ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়েও আশা জাগানো। ওই কর্মকর্তা আরও বলেন, দুই পক্ষ সমঝোতায় ব্যর্থ হলে অস্থিরতা আরও ছড়িয়ে পড়ে মারাত্মক সহিংসতার দিকে চলে যাবে। ২০২৩ সালের প্রথম দুই মাসেই অন্তত ৬০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনিদের হাতেও নিহত হয়েছে ১০ ইসরায়েলি।