স্কুল ফিডিং হিসেবে দুধ পাবে ৩০০ স্কুলের শিশুরা

স্কুল ফিডিংয়ের অংশ হিসেবে ৩০০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের টিফিনের সময় দুধ দেওয়া হবে। সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় দেশে এ পাইলট কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

গতকাল রবিবার রাজধানীর তেজগাঁওয়ে ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

উদ্বোধনের পরপরই ৫০টি স্কুলে এ কর্মসূচি শুরু হয়। এ বছরের মধ্যেই অন্যান্য স্কুল এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। প্রকল্পের আওতাভুক্ত ৬১ জেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্র্তৃক নির্বাচিত

প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির সব শিক্ষার্থীকে স্কুল খোলা থাকার দিনগুলোতে টিফিনের সময় দুধ দেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে ভালো খাবার প্রয়োজন। এর মধ্যে অন্যতম প্রধান খাদ্য দুধ। নিয়মিত দুধ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। নিয়মিত দুধ খেলে পুষ্টি চাহিদা পূরণ হয়। এ জন্য শিক্ষার্থীরা মেধা বিকাশে দুধ খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেধাবী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষার্থীদের ভালো খাবারের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।