সাভার পৌর এলাকার তারাপুর মাঠ থেকে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে তিন পোশাকশ্রমিককে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। তুষার মিয়া (২০), রাসেল (১৯) ও স্বপন (২০) নামের ওই তিনজন সাভার পৌর রাজাবাড়ী মহল্লার জে.কে গার্মেন্টসের শ্রমিক। স্বজনরা বলছেন, গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে তারাপুর মাঠ থেকে তাদের তুলে নেওয়া হয়। ঘটনার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাদের হদিস পাওয়া যায়নি। এ বিষয়ে সাভার মডেল থানা ও সাভার ডিবি অফিস থেকে কোনো সহযোগিতা পাননি তারা।
প্রত্যক্ষদর্শী ও ওই তিন যুবকের বন্ধু শামীম খান বলেন, তুষার, রাসেল ও স্বপন ডিউটি শেষে আমাকে ফোন করে তারাপুর মাঠে আসতে বলে। আমি মাঠে এসেই দেখি একটি সাদা মাইক্রোবাসের কাছে পাঁচজন লোক আমার তিন বন্ধুকে চেক করছে। তাদের কাছে কিছু না পেলেও ডিবি পুলিশ পরিচয় দেওয়া লোকগুলো তাদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে বিষয়টি ওদের পরিবারকে জানিয়ে স্বপন মিয়ার বড় ভাই হাকিম মিয়া বলেন, খবরটি শোনার সঙ্গে সঙ্গেই আমি সাভার ডিবি অফিসে যাই। কিন্তু ওখান থেকে জানানো হয় তারা কাউকেই তুলে আনেনি। আমার ভাই কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বুঝতে পারছি না ওকে পুলিশ তুলে নিয়েছে নাকি দুর্বৃত্তরা অপহরণ করেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ডিউটি অফিসার আবদুর রহিম রাজু বলেন, গতকাল বিকেলে মৌখিকভাবে আমাদের কাছে অভিযোগ করা হয়েছে। তাদের একটি জিডি করতে পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখব।
ঢাকা জেলা (উত্তর) ডিবির ওসি মো. রিয়াজ উদ্দিন বিপ্লব বলেন, তুষার, রাসেল, স্বপন নামে কাউকেই আমাদের কার্যালয়ে তুলে আনা হয়নি। তাদের স্বজনরা আমাদের কাছে এসেছিলেন। তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।