জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) যৌথসভায় বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। এ ব্যাপারে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, দলে যারা বহিষ্কৃত হয়েছিলেন তাদের মাফ করা চেয়ারম্যানের বিষয়। কেউ কেউ বৈঠকে বলেছেন, যারা ক্ষমার অযোগ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের বিষয়ে পজিটিভ সিদ্ধান্ত হয়তো নাও হতে পারে।
গতকাল রবিবার বেলা ১১টা থেকে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে দলটির কো-চেয়ারম্যান, প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের এ সভা হয়। পরে সংবাদ সম্মেলনে জাপা মহাসচিব বলেন, দলীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি সিভিল মামলায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা থাকার কারণে তিনি অনেক দিন প্রেসিডিয়ামের বৈঠক করতে পারেননি। সেই অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হাইকোর্ট স্থগিত করায় আমরা এমপিদেরসহ প্রেসিডিয়ামের বৈঠক ডেকেছিলাম। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আগামী জুন মাসের মধ্যে জেলা সম্মেলন শেষ করব। আগামী নির্বাচনের আগে আমরা চেষ্টা করব দলের কাউন্সিল করার।
জাপা চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে ও মহাসচিব চুন্নু পরিচালনায় সভায় বক্তৃতা করেন কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদ, আলহাজ সাহিদুর রহমান টেপা প্রমুখ।