বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন কি না তা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন সরকারের মন্ত্রীরা। তাদের এমন বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজপথে সরকারবিরোধী আন্দোলনে ভীত হয়ে সরকার জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। রাজনীতি করার সময় যখন আসবে, উনি (খালেদা জিয়া) তখন রাজনীতি করবেন। কারও কথায় উনি রাজনীতি করবেন না।’ গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে নিয়ে সরকার বিভিন্নভাবে নাটক শুরু করেছে। তাদের মন্ত্রীরা একদল বলেন, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না। আরেক দল বলেন তার রাজনীতি করতে বাধা নেই। হঠাৎ করে আপনাদের এত দরদ উথলে উঠল কেন? আপনাদের উদ্দেশ্য একেবারেই ভালো না। খালেদা জিয়ার যখন রাজনীতি করার সময় আসবে, উনি রাজনীতি করবেন। তিনি কারাগারে থাকুক আর যেখানেই থাকুক, তিনি অবশ্যই রাজনীতি করবেন। আপনাদের এই সমস্ত কথা বলার কোনো প্রয়োজন নেই। খালেদা জিয়ার রাজনীতির সিদ্ধান্ত তিনি নিজে এবং দল নেবে।’