সরকারি হাসপাতালে নির্ধারিত ডিউটি শেষ করে নিজ হাসপাতালেই চিকিৎসকদের আলাদা চেম্বার করে রোগী দেখা ও ফি নির্ধারণ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। গতকাল সোমবার মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের গণমাধ্যমে পাঠানো ‘সরকারি হাসপাতালে চেম্বার’ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন পত্র-পত্রিকায় ‘মার্চ থেকে চেম্বার, সর্বোচ্চ ফি ৩০০ টাকা’, ‘৩০০ টাকায় পরামর্শ দেবেন বিশেষজ্ঞ চিকিৎসক’Ñ এরকম নানা শিরোনামে যে সংবাদ পরিবেশিত হচ্ছে তাতে জনমনে নানারকম বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। প্রকৃতপক্ষে সরকারি হাসপাতালে সরকারি চিকিৎসকদের নিজ নিজ হাসপাতালেই অফিস সময়ের বাইরে আলাদা চেম্বার করার বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. সাইদুর রহমানের সভাপতিত্বে একটি কমিটি কাজ করছে এবং কমিটির কাজ এখনো চলমান রয়েছে। এখন পর্যন্ত কোনো চিকিৎসকের ফি ৩০০ বা ১৫০ টাকা হবে কি না সেটি ঠিক করা হয়নি। কতটি হাসপাতাল বা সরকারি স্বাস্থ্যকেন্দ্রে চালু করা হবে সে বিষয়েরও কোনোরকম সিদ্ধান্ত নেয়নি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এ বিষয়ে কমিটি বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে এবং সেটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে অবগত করা হবে।”
বিজ্ঞপ্তিতে সরকারি হাসপাতালে আলাদা চেম্বার করা বা ফি নির্ধারণ করা কিংবা কোন কোন হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে এসব তথ্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।
ভাসানচরে রোহিঙ্গাদের কলেরা টিকা খাওয়ানো শুরু : নোয়াখালীর ভাসানচরে পুনর্বাসিত বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক বা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মুখে খাওয়ার কলেরার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। ২৫টি কেন্দ্রে আগামী ১ মার্চ পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টিকা খাওয়ানো হবে। ১৯ মার্চে খাওয়ানো হবে টিকার দ্বিতীয় ডোজ।
স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় নোয়াখালী সিভিল সার্জন অফিস ও আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এ কর্মসূচি বাস্তবায়ন করছে। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ টিকা খাওয়ানো শুরু হয়।
আইসিডিডিআর,বি থেকে জানানো হয়েছে, এক বছর থেকে তদূর্ধ্ব বয়সীদের দক্ষিণ কোরিয়ার ইউবায়োলোজিক্স কোম্পানি লিমিটেডের তৈরি ইউভিকল প্লাস নামের কলেরার টিকা খাওয়ানো হচ্ছে। এ টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত। এক বছরের কমবয়সী শিশু, যারা গত ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা গ্রহণ করেছে এবং গর্ভবতী নারী ছাড়া সবাই এ টিকা খেতে পারবেন। এ টিকা নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য কোনো টিকা নেওয়া যাবে না।