ইউরোপে আশ্রয় চেয়েছে ৩৪ হাজার বাংলাদেশি

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০২২ সালে ইইউ প্লাস (ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশ, নরওয়ে ও সুইজারল্যান্ড) দেশগুলোতে ৯ লাখ ৬৬ হাজার অভিবাসী আশ্রয়ের আবেদন করেছে, যা ২০১৬ সালের পরে সর্বোচ্চ। ২০০৮ সাল থেকে পাওয়া হিসাবে সর্বোচ্চ আশ্রয় আবেদনের রেকর্ড গড়েছেন বাংলাদেশিরাও।

গতকাল সোমবার এসব তথ্য তুলে ধরেছে জার্মান সংবাদসংস্থা ডয়েচে ভেলে। প্রতিবেদন বলছে, আবেদনের এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৫০ শতাংশ বেশি এবং ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। ইউরোপীয় ইউনিয়নের আশ্রয় আবেদন সংক্রান্ত সংস্থা-ইইউএএ বুধবার এ পরিসংখ্যান প্রকাশ করেছে। পরিসংখ্যানে উঠে এসেছে বাংলাদেশের কথাও। প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে প্রায় ২০ হাজার বাংলাদেশি ইইউ প্লাস দেশগুলোতে আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন। এবার এ সংখ্যা প্রায় দ্বিগুণ বেড়েছে। অনিয়মিত উপায়ে আসা ৩৩ হাজার ৭২৯ জন বাংলাদেশির আবেদন জমা পড়েছে ২০২২ সালে।