সহিংসতা কমানোর প্রতিশ্রুতি দিল ইসরায়েল-ফিলিস্তিন

পশ্চিম তীরে গাজায় বাড়তে থাকা সহিংসতা অবিলম্বে বন্ধের পদক্ষেপ নিতে একযোগে প্রতিশ্রুতি দিয়েছে ইসরায়েল সরকার এবং ফিলিস্তিন কর্র্তৃপক্ষ। জর্ডানের মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-ফিলিস্তিনের বিরল বৈঠক থেকে এসেছে এ প্রতিশ্রুতি, যে আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র এবং মিসরের কর্মকর্তারাও। বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আস্থা গড়ার পদক্ষেপ নেওয়া এবং ন্যায় ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে।

তবে জর্ডানের লোহিত সাগর তীরবর্তী বন্দর আকাবায় এ বৈঠক চলার মধ্যেই অধিকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনি বন্দুধারীর গুলিতে দুই ইসরায়েলি নিহত হয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা বন্দুকধারীকে আটকের চেষ্টা করছে এবং পশ্চিম তীরে সেনা সংখ্যা বাড়াচ্ছে। নাবলুসের কাছে হাওয়ারা গ্রামে নিহত দুই ইসরায়েলির একজন সেনা সদস্য বলে নিশ্চিত করেছে ইসরায়েল। দেশটির সরকার এ হত্যাকাণ্ডকে ‘ফিলিস্তিনি সন্ত্রাসী হামলা’ আখ্যা দিয়েছে।