মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলোচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে বনানী থানায় দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৯ জুলাই ধার্য করেছেন আদালত। এদিন মামলাটি স্থগিত করে আপিল বিভাগের দেওয়া আদেশের কপি আদালতে দাখিল করেছেন আইনজীবী।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এদিন পরীমণির আইনজীবী আদালতকে জানান, আপিল বিভাগ থেকে মামলার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। এরপর আপিল বিভাগের স্থগিতাদেশের কপি আদালতে দাখিল করেন আইনজীবী। আদালত পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করা হয়েছে।
এর আগে ৯ জানুয়ারি পরীমণির মাদক মামলার কার্যক্রম ছয় মাস স্থগিত থাকবে বলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ আদেশ দেন।
গেল বছরের ৫ জানুয়ারি পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। অপর দুই আসামী হলেন, পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও খালু কবীর হাওলাদার।
গত বছর ৪ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সংশ্লিষ্ট শাখায় পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।