তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। তবে ইংল্যান্ড সে পথে হাঁটেনি। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে তারা। সেই সঙ্গে দলটির হয়ে অভিষেক হয়েছে উইল জ্যাকসের।
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে লড়ছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বেলা ১২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
ইংল্যান্ড সবশেষ ওয়ানডে খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১ ফেব্রুয়ারি কিম্বার্লিতে হওয়া সেই ম্যাচের দল থেকে এবার নেই অলরাউন্ডার স্যাম কারান, হ্যারি ব্রুক, বেন ডাকেট ও রিস টপলি।
ব্রুক ও ডাকেট মঙ্গলবার শেষ হওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে খেলার কারণে বাংলাদেশ সফরের দলে নেই। অভিষিক্ত উইল জ্যাক বাদে দলে ফিরেছেন ফিল সল্ট, জেমস ভিন্স ও মার্ক উড।
বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড একাদশ:
জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার (অধিনায়ক), উইল জ্যাকস, মইন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জফরা আর্চার ও মার্ক উড।