বলিউডে কাজ খুঁজছেন নেইমারের সাবেক প্রেমিকা!

নাতালিয়া বারুলিচ। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের বান্ধবী হিসাবে সব সময়ই স্পটলাইটে থেকেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমে খবর, গত সপ্তাহ থেকে এই মডেলকে বেশ কয়েক বার ঘোরাঘুরি করতে দেখা গেছে মুম্বাইয়ের সিনেমাপাড়ায়। ফলে নাতালিয়া বলিউডে কাজ করতে আগ্রহী কি-না সে নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

অবশ্য এবারই প্রথম নয়। আগেও নাকি বেশ কয়েক বার ভারত সফরে এসেছেন নাতালিয়া। প্রতি বারই মুম্বাই গিয়েছেন। তার উদ্দেশ্য কী, তা নিয়ে কৌতূহলের অন্ত নেই সাধারণের।

নাতালিয়া নিজেই অবশ্য জল্পনার নিরসন করেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘সবার সঙ্গে যোগাযোগ রাখছি মানেই কাজ খুঁজছি তা নয়। আমি নিজের ক্রাফটের কাজ নিয়ে ব্যস্ত। সেগুলোর জন্যই নতুন কলাকৌশল শিখে বেড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমি জানি, সঠিক সময়ে সঠিক কিছু হবে আমার সঙ্গে। কোনো কিছুর পেছনে ছোটা আমার ধাতে নেই। নিজেকেই সমৃদ্ধ করে চলেছি, যতটা যোগ্য হয়ে উঠতে পারি।’