সুদর্শন কোরিয়ান সেজেও শেষ রক্ষা হলো না

কোরিয়ান ভাষা জানতেন না সাহারাত সাওয়াজাইং। কিন্তু কয়েক দফা প্লাস্টিক সার্জারি করে নিয়েছিলেন কোরিয়ান যুবকের বেশ। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হলো তাকে।

থাই পুলিশ জানিয়েছে, মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত ২৫ বছর বয়সী এই থাই যুবক পুলিশের চোখ ফাঁকি দিতেই নতুন বেশ নিয়েছিলেন। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

প্রতিবেদনে আরও বলা হয়, প্লাস্টিক সার্জারি করে জিমিন সিয়ং নাম নিয়েছিলেন অভিযুক্ত। শুধু তাই নয়, চুলের ধরনও পরিবর্তন করেন তিনি। ফলে সার্জারির পর তাকে চেনাটা মুশকিলই ছিল।

গত বছর থেকেই পুলিশের চোখে পলাতক ছিলেন সাহারাত। শেষ পর্যন্ত তার সন্ধান পেতেই ওঠে আসে অদ্ভুত সব তথ্য।

সাহারাতের নামে আড়াই কেজি ও ২৯০টি এমডিএমএ ট্যাবলেট আমদানির অভিযোগ রয়েছে। প্রথম শ্রেণির মাদক এমডিএমএ থাইল্যান্ডে পরিচিত মলি নামে। গ্রেপ্তারের পর তিনি বিশ্বব্যাপী যোগাযোগের কথা স্বীকার করেন। জানান, ডার্ক ওয়েব থেকে মাদক সংগ্রহ করে বিটকয়েনের মাধ্যমে বিক্রি করতেন। মাদক আমদানি ও বিতরণের দায়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুটি অপরাধের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন।

প্রসঙ্গত, মাদকের বিস্তার প্রতিরোধে কঠোর থাই সরকার। ব্যাংকক ও আশপাশের এলাকায় মাদক ছড়িয়ে দেওয়ার প্রধান হোতাদের একজন সাহারাত।