টেস্ট ক্রিকেটের শীর্ষ বোলার অশ্বিন

ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে পৌছেছিলেন গত সপ্তাহেই। তবে আরও একটি সপ্তাহ পেরোবার আগেই তাকে হটিয়ে শীর্ষে পৌঁছালেন ভারতীয় অফ-স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের চলমান টেস্ট সিরিজে ব্যাটসম্যাদের নাজেহাল করেছেন অশ্বিন। ভারতের জয় পাওয়া প্রথম দুটি টেস্টে ১৪ উইকেট নিয়েছেন। যার কল্যাণে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালেই সুখবর পেয়েছেন তিনি।

অশ্বিনের উর্দ্ধগমনের ফলে অবনমন হয়েছে জেমস অ্যান্ডারসন ও প্যাট কামিন্সের। তারা নেমে গেছেন যথাক্রমে তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে।

ভারতের আরেক বোলার জসপ্রিত বুমরা এবং পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি আছেন যথাক্রমে ৪ ও ৫ নম্বর অবস্থানে। যদিও গত জুলাইয়ের পর তাদের কেউই কোনো টেস্ট ম্যাচ খেলেননি। তবে ইংলিশ বোলার ওলি রবিনসনের ৬ নম্বরে নেমে যাওয়ায় বুমরা-আফ্রিদির এই উন্নতি!

অন্যদিকে বোর্ডার-গাভাস্কার সিরিজে দুর্দান্ত পারফর্ম করা ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। তিনি উঠে এসেছেন ৮ নম্বরে। তবে ১০ উইকেটের পাশাপাশি ২৬ রান করে টেস্ট অলরাউন্ডারের শীর্ষেও উঠেছেন জাদেজা। এই ক্যাটাগরিতে অশ্বিনের অবস্থান দুইয়ে।