নাইজেরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী বোলা টিনুবুকে বিজয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বিবিসি জানিয়েছে, ৭০ বছর বয়সী রাজনীতিক টিনুবু মোট ভোটের ৩৭ শতাংশ পেয়েছেন বলে আনুষ্ঠানিক ফলাফলে দেখা যাচ্ছে। তার দুই প্রতিদ্বন্দ্বী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) আতিকু আবুবাকার পেয়েছেন ২৯ শতাংশ, লেবার পার্টির পিটার ওবির বাক্সে গেছে ২৫ শতাংশের ভোট। টিনুবুকে জয়ী ঘোষণা করার আগেই পিডিপি, লেবার পার্টিসহ তিনটি বিরোধী দল ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফের নির্বাচন দেওয়ার দাবি জানায়। নাইজেরিয়ার অর্থনৈতিক রাজধানী লাগোসের দুইবারের গভর্নর টিনুবু। যদিও সেই লাগোসেই অপেক্ষাকৃত নবীন প্রার্থী ওবির কাছে পরাজিত হয়েছেন তিনি। কিন্তু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেশির ভাগ এলাকায় জিতেছেন। ওই অঞ্চলে তিনি ‘রাজনৈতিক গডফাদার’ নামেই পরিচিত। কারণ এযাবৎ টিনুবু অন্যদের জেতাতে মুখ্য ভূমিকা রেখেছেন।