ক্যানসার রোগের চিকিৎসা ও ক্যানসার প্রতিরোধে গবেষণার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিগগিরই আন্তর্জাতিক মানের ‘বঙ্গবন্ধু ক্যানসার সেন্টার’ চালু করা হবে বলে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমেরিকা, কোরিয়া, মালয়েশিয়া, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটের সঙ্গে আমরা সম্মিলিতভাবে গবেষণা কার্যক্রম শুরু করেছি। ক্যানসার সেন্টার চালুর ব্যাপারে জাপানের ন্যাশনাল ক্যানসার সেন্টারের সঙ্গে আলোচনা হয়েছে। আশা করছি শিগগির এটি চালু করতে পারব।’
উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশে ক্যানসার চিকিৎসা ও গবেষণার মানোন্নয়নে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নের লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ক্যানসার সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর আগে গত মঙ্গলবার জাপানের টোকিওতে বিশ্বমানের ক্যানসার গবেষণায় পথিকৃৎ ন্যাশনাল ক্যানসার সেন্টারে প্রথমবারের মতো কোনো বাংলাদেশি গবেষক ও চিকিৎসক হিসেবে বক্তব্য রাখায় সম্মাননা পান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।