ভালো ব্যবহার শেখাতে কোর্স চালু করেছে বেবিচক

বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর জন্য বেসামরিক বিমান চলাচল কর্র্তৃপক্ষকে (বেবিচক) সমালোচনার মুখোমুখি হতে হয়। এবার যাত্রীদের সঙ্গে ভালো ব্যবহার ও সেবার মানোন্নয়নে বিমানবন্দর কর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু করেছে বেবিচক।

গতকাল বুধবার সিভিল অ্যাভিয়েশন একাডেমির সম্মেলন কক্ষে দুদিনব্যাপী এ কোর্সের উদ্বোধন করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

যাত্রীদের আকাশপথে নির্বিঘœ ও স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে এ কোর্স চালু করা হয়েছে বলে জানান সিভিল অ্যাভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানান, বিমানবন্দরে কর্মরত ৫৬টি বিভিন্ন সংস্থার ১ হাজার ৫০০ জন সদস্যের জন্য এ কোর্সটি ধারাবাহিকভাবে পরিচালনা করার পরিকল্পনা রয়েছে। বেবিচকের পৃষ্ঠপোষকতায় অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে এ কোর্সটি সম্পাদিত হলে বিমানবন্দরের যাত্রীসেবায় অনেক পরিবর্তন আসবে।

উদ্বোধনী বক্তব্যে বেবিচকের চেয়ারম্যান মো. মফিদুর রহমান বলেন, ‘জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে এবং বিমানবন্দরগুলোতে দীর্ঘদিনের যাত্রী হয়রানির বন্ধে এ কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিমানবন্দরে কর্মরত প্রতিটি সংস্থার সদস্যদের জন্য এ কোর্স পরিচালনা বাধ্যতামূলক করা হয়েছে।’

সিভিল অ্যাভিয়েশন একাডেমির তথ্য বলছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২৪টি সরকারি প্রতিষ্ঠান ও ৩২টি বিমান সংস্থায় কর্মরত সব সদস্যকে পর্যায়ক্রমে এ কোর্সে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম কোর্সে কাস্টমস, ইমিগ্রেশন, এপিবিএন, বিমানবন্দর স্বাস্থ্য, জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা, এভসেক, বাংলাদেশ বিমানসহ বিদেশি বিমান সংস্থার ৩০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন।