জাতীয় ভোটার দিবসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন এ তালিকায় হালনাগাদের তথ্যের চেয়ে চূড়ান্ত হিসেবে ভোটার সংখ্যা কিছুটা বেড়েছে। বর্তমানে দেশের মোট ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন।
আজ বৃহস্পতিবার জাতীয় ভোটার দিবসে এ তালিকা প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ০৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন, মহিলা ভোটার ৫ কোটি ৮৭ লাখ ০৪ হাজার ৮৭৯ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৩৭ জন।
ইসির চূড়ান্ত হিসাবে ভোটার সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫৮ লাখ ৬৪ হাজার ৪৩০ জন। ভোটার বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৫.১৮ শতাংশ। বিদ্যমান ভোটার তালিকা থেকে মৃত্যু, দ্বৈত নাগরিকত্বসহ নানা কারণে বাদ দেওয়া হয়েছে ২২ লাখ ৯ হাজার ১২৯ জনকে।
এর আগে, ১৫ জানুয়ারি খসড়া হালনাগাদ প্রকাশ করে নির্বাচন কমিশন। খসড়া তালিকা অনুযায়ী দেশে ভোটার সংখ্যা ছিল ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।