দীর্ঘ ৮ বছর জাতীয় দলে ডাক পেয়েছেন রনি তালুকদার। বিপিএলে দারুণ খেলে ইংল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে সুযোগ করে নিয়েছেন ঘরোয়া ক্রিকেটের পরিচিত এই মুখ। ফের লাল-সবুজের জার্সিতে খেলার সুযোগ পেয়ে রনি বললেন, ‘প্রত্যয় ছিল যে আমি আবার জাতীয় দলে ফিরব’।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন রনি। ১৩ ইনিংসে ১২৯ স্ট্রাইক রেটে করেছেন ৪২৫ রান। ছিলেন টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
এর আগে ২০১৫ সালে প্রথমবার জাতীয় দলে ডাক পান রনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একমাত্র টি টোয়েন্টি ম্যাচ খেলার পর ছিটকে যান।
দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেশ রূপান্তরকে তিনি বলেন, ‘প্রত্যাশা তো ছিলই, সঙ্গে আমার প্রত্যয় ছিল যে আমি আবার জাতীয় দলে ফিরব। মাঝের সময়টায় আমি নিজেকে নিয়ে অনেক কাজ করেছি।’
আট বছর আগের চেয়ে এখন নিজেকে আরও পরিণত মনে করেন রনি, ‘ইমরান স্যারের সঙ্গে নিজের কিছু বিষয় নিয়ে কাজ করেছি। অভিজ্ঞতার দিক থেকেও আমি অনেকটা বদলেছি।’
জাতীয় দলে ফিরছেন রনি, এই খবরটি তিনি পান নির্বাচক কমিটির সদস্য সাবেক অধিনায়ক হাবিবুল বাশারের ফোন কলে। সাথে সাথে মাকে ফোন দিয়ে জানান রনি তালুকদার, ‘প্রথমে বাশার ভাই যখন আমাকে ফোন দিয়ে জানালেন, মাকেই জানালাম প্রথমে। মায়ের বিশ্বাস ছিল আমাকে নিতে পারে।’