মেসিকে দেওয়া হুমকি চিঠিতে যা লেখা ছিল

আর্জেন্টিনার শহর রোজারিওতে একটি বাড়ি আছে লিওনেল মেসির। এই শহরেই তার জন্ম হয়েছে। এই শহরেই তার বেড়ে ওঠা। শৈশবে খেলেছেন শহরটির ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে। কোন ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করবেন মেসি, এমন প্রশ্নে তিনি এই ক্লাবটিরই নাম জানিয়েছেন।

অথচ এই শহরেরই কিছু দুর্বৃত্তরা তাকে খুঁজে বেড়াচ্ছে। দিয়েছে হুমকি। জন্মশহরে মেসির অনুপস্থিতিতে তার স্ত্রীর পরিবারের মালিকানাধীন মার্কেটে ১৪ রাউন্ড গুলি চালিয়েছে তারা। সে সময় মার্কেট বন্ধ ছিল বলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজ স্থানীয় সময় ভোর রাত ৩টায় ঘটেছে এই ঘটনা।

বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে চলে যায় দুজন লোক। চলে যাওয়ার আগে রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। সেই কাগজেই লেখা ছিল লিওনেল মেসিকে দেওয়া তাদের হুমকির বার্তা।

মেসিকে হুমকি দেওয়া সেই কাগজে লেখাটা ছিল এ রকম, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। রোজারিওর মেয়র পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনার গণমাধ্যম কাদেনা ৩ রোজারিও। এক প্রতিবেদনে তারা বলেছে, এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।