কাগজে আছে কাজে নেই

অনেক দলেরই নেই কার্যালয়-কমিটি-দলীয় কর্মসূচি

এক দশক আগে আত্মপ্রকাশ করে বাংলাদেশ কংগ্রেস নামের একটি রাজনৈতিক দল। শুরুর দিকে কিছু কর্মসূচি থাকলেও ২০১৯ সালে নির্বাচন কমিশনের নিবন্ধন পাওয়ার পর রাজনীতির মাঠে তেমন কোনো সক্রিয়তা নেই দলটির। কালেভদ্রে কিছু ইস্যুতে ঢাকায় মানববন্ধন করলেও বেশিরভাগ ক্ষেত্রেই বিবৃতিতে সীমাবদ্ধ দলের কার্যক্রম। একই অবস্থা নিবন্ধিত আরেক দল গণতন্ত্রী পার্টির। পুরানা পল্টনে ভাড়া করা ছোট একটি কক্ষে দলটির কার্যালয়। তবে সেখানে নেই কোনো সাইনবোর্ড বা নামফলক।

আগামী সংসদ নির্বাচন সামনে রেখে এমন কিছু দল সরব হতে শুরু করেছে। কোনো কোনো দল ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার কথা বলছে। যদিও বছরজুড়ে দলগুলোর অস্তিত্ব পাওয়া যায় না রাজনৈতিক অঙ্গনে। তারা দেশের জনগণের কোনো চাওয়া-পাওয়ার কথা বলে না, যদিও দলগুলো নির্বাচন কমিশনের নিবন্ধিত। এ অবস্থায় গত বছর অদ্ভুত নামের প্রায় শখানেক দল নিবন্ধন চাওয়ার পরই বিষয়টি আলোচনা শুরু হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের সবশেষ তথ্যমতে, দেশে এখন ৪০টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। এর মধ্যে হাতেগোনা কয়েকটি ছাড়া বেশিরভাগ দলের অবস্থায়ই কাগজে আছে কাজে নেই অবস্থা। কয়েকটি দল ইস্যু বা দিবসভিত্তিক কর্মসূচি দিলেও তা পালন করার মতো লোকবলই নেই তাদের। আবার ধর্মভিত্তিক দলগুলোর কয়েকটি বিদেশের ইস্যু নিয়ে মাদ্রাসা বা মসজিদকেন্দ্রিক কিছু কর্মসূচি করলেও জাতীয় ইস্যুতে তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায় না। ৯০ শতাংশ দল ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ছাত্র সংগঠনও অকার্যকর।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ, বাংলাদেশ জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মতো দলগুলোর গত কয়েক বছরের কার্যক্রম পর্যালোচনা করে এমনই চিত্র পাওয়া গেছে।

কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্যের ভিত্তিতে দলগুলোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কয়েক দলের কার্যালয়ে গিয়ে বা ফোনে যোগাযোগ করা হয় নেতাদের সঙ্গে। তবে কমিশনের ওয়েবসাইটে দেওয়া ঠিকানায় সন্ধান মেলেনি বেশ কয়েকটি দলের কার্যালয়ের। এমনকি যে ফোন নম্বর দেওয়া আছে তাতেও কয়েকটি দলের অস্তিত্ব পাওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটাধিকারপ্রাপ্ত প্রতিটি নাগরিকের রাজনীতি করা, সংগঠন করা, রাজনৈতিক দল করার গণতান্ত্রিক অধিকার আছে। বাংলাদেশের যেসব নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে তারা বেশিরভাগই ক্রিয়াশীল নয়। ফলে দেশের রাজনীতির সংস্কৃতিতে যেমন এর প্রভাব পড়ছে। নিবন্ধনের এমন প্রক্রিয়া চলমান থাকলে অনেক ক্রিয়াশীল দলও রাজনীতি থেকে ছিটকে যাবে।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নিবন্ধন থাকার পরও যেসব দল রাজনীতির মাঠের সক্রিয় না, নির্বাচন এলে এক ধরনের জট সৃষ্টি করে। এর ফলে নির্বাচন নিয়ে যেসব সংস্থা কাজ করে তাদেরও বেগ পেতে হয়। আমার মনে হয় আরও বেশি যাচাই-বাছাই করে নিবন্ধন দেওয়া উচিত। ঢালাওভাবে নিবন্ধন না দিয়ে কমিশন রাজনৈতিকভাবে প্রভাবিত হয়ে এসব করে কি না? তবে নির্বাচন কমিশন চাইলে এসব দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। কমিশনের সেই ক্ষমতা রয়েছে। তিনি বলেন, নিবন্ধন পাওয়া দলগুলোর মিনিমাম শর্ত পালন করা উচিত। অন্যদিকে অনেক দল আছে যারা ক্রিয়াশীল কিন্তু দীর্ঘ সময় তারা চেষ্টা করেও নিবন্ধন পাচ্ছে। না হলে দল ও রাজনীতির প্রতি সাধারণ জনগণের আস্থার সংকট তৈরি হবে।

নির্বাচন কমিশনের দেওয়া ঠিকানা অনুযায়ী রাজধানীর বাংলা মোটরে হ্যাপি রহমান প্লাজায় (চতুর্থতলা) বাংলাদেশ কংগ্রেসের কার্যালয়ে গিয়ে দেখা যায়, ছোট একটি কক্ষ থেকে কেন্দ্রীয় কমিটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। এক কক্ষবিশিষ্ট রুমে দুটি টেবিল ও ৮-১০ চেয়ার রয়েছে। মাঠের রাজনীতিতে সংক্রিয় না থাকলেও গত ১০ বছরে দুটি কাউন্সিল করছে দলটি। আগামী মাসে তৃতীয় কাউন্সিল হবে। তাছাড়া আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে চায় তারা।

অফিসে দলের কোনো শীর্ষপর্যায়ের নেতাদের পাওয়া না গেলেও কথা হয় দপ্তর সম্পাদক তুষারের সঙ্গে। তিনি জানান, মাঝেমধ্যে এখানে দলের নেতাকর্মীরা আসেন। এখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালিত হয়। তিনি বলেন, করোনার কারণে গত দুই বছর দলীয় কার্যক্রম পরিচালিত হয়নি। বর্তমানে কেন্দ্রের কোনো কর্মসূচি না থাকলেও মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচি চলছে। আমাদের ৫৪টি জেলা ও ২০০ উপজেলায় কমিটি রয়েছে। শিগগিরই নির্বাচনকে কেন্দ্র করে কর্মসূচি ঘোষণা করা হবে।

তবে দলটির মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, অনেক জেলায় দলটির কমিটি থাকলেও কোনো কার্যক্রম নেই। অনেক জেলায় আবার দলীয় অফিসও নেই। বরগুনা জেলা কমিটির আহ্বায়ক মো. ওলিউর রহমান দেশ রূপান্তরকে বলেন, লোকবল কম থাকায় জেলাপর্যায়ে বড় কোনো কর্মসূচি পালন করা হয় না। তবে বিভিন্ন দিবস ধরে কর্মসূচি পালন করা হয়।

দলটির মহাসচিব ইয়ারুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, দল ছোট বলে আমরা মিডিয়া কাভারেজ পাই না। তাই আমাদের দলের প্রচার কম। এখন আমাদের ৪০টি জেলা কমিটি রয়েছে। নিবন্ধিত দলের সব স্তরে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার বলা থাকলেও মাত্র কয়েকজন নারী প্রতিনিধি রয়েছে দলটিতে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশনের নারীদের বিষয়ে যে শর্ত দিয়েছে তা পূরণ করা সম্ভব নয়। নারীরা রাজনীতির প্রতি আগ্রহ দেখাচ্ছে না। আমরা চাইলে নারীদের দলে ভেড়াতে পারছি না। তবে আমাদের চার-পাঁচ নারী প্রতিনিধি রয়েছে।

একই অবস্থা আরেক রাজনৈতিক দল গণতন্ত্রী পার্টির। পুরানা পল্টন, ইশরাত টাওয়ার ১০ তলা ভবনটির ছোট একটি কক্ষ থেকে দলটির কেন্দ্রীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওই ভবনে গিয়ে দেখা গেছে দলীয় কোনো সাইনবোর্ড নেই। ১০ তলায় ছোট একটি রুম থেকে দলীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইস্যুভিত্তিক কোনো কার্যক্রম না থাকলেও বিভিন্ন দিবস ধরে কিছু কর্মসূচি নেওয়া হয়। তবে সেসব কার্যালয়ের ভেতরেই সীমাবদ্ধ।

কেন্দ্রের বাইরে কোনো কর্মসূচি নেই। ঢাকার বাইরে যেসব জেলায় কমিটি রয়েছে তারাও নিষ্ক্রিয়। বিষয়টি স্বীকার করেছেন দলটির সভাপতি ব্যারিস্টার মো. আরশ আলী। তিনি বলেন, আমরা ১৪ দলের সঙ্গে জোটবদ্ধ। বড় কোনো কর্মসূচি আমাদের নেওয়া হয় না। নানারকম সীমাবদ্ধতা রয়েছে। ঢাকা মহানগরের উদ্যোগে কিছু কর্মসূচি হয়। তবে কেন্দ্রের উদ্যোগে দিবস ধরে কর্মসূচি হয়। আমাদের ২৫-৩০ জেলায় কমিটি রয়েছে। সাইনবোর্ডের বিষয়ে তিনি বলেন, আমাদের স্থায়ী কোনো অফিস নেই। ভাড়া নিয়ে কার্যালয় পরিচালনা করতে হয়। ভবন কর্তৃপক্ষের কিছু নিয়ম রয়েছে। ফলে সাইনবোর্ড লাগানো যাচ্ছে না।

নিবন্ধন থাকলেও কার্যালয় খুঁজে পাওয়া যায়নি আরেক রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএলের। নির্বাচন কমিশনে তথ্যানুযায়ী, দলটির ঠিকানা দেওয়া হয়েছে রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত স্বজন টাওয়ার-২। ভবনের এক নিরাপত্তাকর্মী জানান, এরকম দলের অফিস আছে বলে জানা নেই। তাদের কারও ফোন নাম্বার থাকলে যোগাযোগ করতে পারেন। তবে এ বিষয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বারগুলোও বন্ধ পাওয়া গেছে।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কার্যালয় রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোড। ৫০০-৬০০ স্কয়ার ফিটের একটি ভাড়া কক্ষে তাদের কার্যক্রম পরিচালিত হয়। কেন্দ্রীয় পর্যায়ে দলের তেমন কোনো রাজনৈতিক কর্মসূচিও না থাকলেও জোটের কর্মসূচিতে সক্রিয় দলটি। বিভিন্ন জাতীয় ইস্যুতে নিয়মিত বিবৃতি ও প্রেস রিলিজ নির্ভর দলটি। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বাইরে মাত্র কয়েকটি জেলায় দলীয় কার্যক্রম ও অফিস রয়েছে। নারীকর্মীও হাতেগোনা কয়েকজন।

দলটির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, কোনো দলের পক্ষেই ইসির শর্তগুলো শতভাগ মেনে চলা সম্ভব নয়। তবে মেজর যে শর্ত রয়েছে আমাদের দল তা পূরণ করেছে। ইসি যেসব শর্ত দিয়েছে তা অগণতান্ত্রিক ও সংবিধান পরিপন্থী। রাজনীতি বিকাশের ক্ষেত্রে এসব শর্ত শিথিল করা উচিত।

২০১৩ রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন পায় বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট। নিবন্ধন পাওয়ার পর দলটির কোনো কার্যক্রম নেই। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দলটির কেন্দ্রীয় কার্যালয় রাজধানীর কারওয়ান বাজারে। ঠিকানা অনুযায়ী খোঁজ নিয়ে দলটির কোনো সাইনবোর্ড বা অফিস খুঁজে পাওয়া যায়নি। কমিশনের ওয়েবসাইটে দেওয়া দুটি টেলিফোন নাম্বারেও তাদের পাওয়া যায়নি।

একই অবস্থা ইসলামি দলগুলোর। নির্বাচন কমিশনে তথ্যানুযায়ী ১০টি ধর্মভিত্তিক দল রয়েছে। ধর্মীয় বিভিন্ন ইস্যুতে এসব দলের সরব উপস্থিতি থাকলেও বিভিন্ন জাতীয় ইস্যুতে কোনো কর্মসূচি নেই। বিবৃতি আর সংবাদ বিজ্ঞপ্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে দলীয় কার্যক্রম। অনেক দলের কার্যক্রম পরিচালিত হয় স্থানীয় মাদ্রাসাকেন্দ্রিক।

জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি দেশ রূপান্তরকে বলেন, আমাদের দল মূলত মাদ্রাসাকেন্দ্রিক দল পরিচালিত হয়। স্থানীয় মাদ্রাসাকে কেন্দ্র করে আমাদের কার্যালয়। বছরের অর্ধেক সময় ছাত্র-শিক্ষকরা পড়াশোনাসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকছে। ফলে মাঠের রাজনীতিতে আমাদের বড় কোনো কাজ করতে পারছি না। তবে বিভিন্ন ইস্যুতে নিয়মিত বিজ্ঞপ্তি দিয়ে থাকি। কমিশনের শর্ত মেনেই দল চলছে।

নিবন্ধনের শর্ত অনুযায়ী, দেশ স্বাধীন হওয়ার পর যেকোনো জাতীয় নির্বাচনে আগ্রহী দলটিতে যদি অন্তত একজন সংসদ সদস্য থাকেন, যেকোনো একটি নির্বাচনে দলের প্রার্থী অংশ নেওয়া আসনগুলোয় মোট প্রদত্ত ভোটের ৫ শতাংশ পেতে হবে। দলটির যদি একটি সক্রিয় কেন্দ্রীয় কার্যালয়, দেশের কমপক্ষে এক-তৃতীয়াংশ (২১টি) প্রশাসনিক জেলায় কার্যকর কমিটি এবং অন্তত ১০০টি উপজেলা/মেট্রোপলিটন থানায় কমপক্ষে ২০০ ভোটারের সমর্থন সংবলিত দলিল থাকতে হবে।

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বিধিবিধানের আলোকে পরিচালিত হচ্ছে কি না, দলগুলো নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পাশাপাশি কেন্দ্রীয় কমিটিসহ সব পর্যায়ে কমিটি নির্বাচন, দলের সব স্তরে নারী প্রতিনিধিত্ব, ছাত্র ও শ্রমিক সংগঠনকে অঙ্গ বা সহযোগী সংগঠন হিসেবে রাখা, বিভিন্ন নির্বাচনে প্রার্থিতার জন্য তৃণমূলের ভোটে প্যানেল প্রস্তুত করা হচ্ছে কি না এসব বিষয়েও তথ্য চাওয়া হয়েছে।

গত বছর অক্টোবরে নিবন্ধনের প্রয়োজনীয় শর্তগুলো মেনে চলছে কি না সে তথ্য চেয়ে এসব দলকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। ইতিমধ্যে সব দলই নির্বাচন কমিশনে তথ্য সরবরাহ করেছে। তবে সেসব এখন যাচাই-বাছাই চলছে।

এর আগে কেএম নুরুল হুদা কমিশনও দলগুলো শর্ত পালন করছে কি না, তা যাচাই করেছিল। শর্ত মেনে না চলায় ২০১৮ সালে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, ২০২০ সালে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি-পিডিপি এবং ২০২১ সালে জাগপার নিবন্ধন বাতিল করে।

এসব নিবন্ধিত দলগুলো শর্ত মেনে দল পরিচালনা করছে কি না এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. আলমগীর দেশ রূপান্তরকে বলেন, নিবন্ধিত দলগুলোর কাছে তথ্য চেয়েছিলাম। সব দল তথ্য জমা দিয়েছে। এখন যাচাই-বাছাই চলমান রয়েছে। কোনো অসংগতি পেলে কমিশন সিদ্ধান্ত নেবে।