গরিব মানুষের অভিশাপে সরকারের করুণ পরিণতি হবে: এবি পার্টি

দ্রব্যমূল্যের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা।

তারা বলেছেন, সরকারের সব নিয়ন্ত্রণ শুধু বিরোধী দলের ওপর। গরিব মানুষের অভিশাপে বর্তমান সরকারের করুণ পরিণতি ইতিহাসে লেখা থাকবে।

শুক্রবার (৩ মার্চ) বেলা তিনটায় রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে (বিজয়-৭১ চত্বরে) এক বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা এসব কথা বলেন। পবিত্র রমজান মাসের আগে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশের প্রধান বক্তা এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় বসলে দুটি জিনিস উপহার দেয়। একটি একদলীয় শাসন, দ্বিতীয়টি হচ্ছে দুর্ভিক্ষ।

সভাপতির বক্তব্যে তাজুল ইসলাম বলেন, দেশের মানুষ নীরব দুর্ভিক্ষে দিনাতিপাত করলেও প্রধানমন্ত্রীর সুখ ভোগের শেষ নেই। তিনি কত পদের খাবার খাচ্ছেন, তা আমাদের টেলিভিশনগুলোর হেডলাইন। তিনি কত দামের বাহারি শাড়ি পরেন, তা সোশ্যাল মিডিয়ার আলোচনা।

এই নেতা আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্য বাড়ানোর ব্যাপারে সরকারের কোনো সংকোচ নেই। যখন যা খুশি, তারা তা–ই করে যাচ্ছে। অল্প কয় দিনের মধ্যে তিন-তিনবার বিদ্যুতের দাম বাড়িয়েছে। পবিত্র রমজান আসার আগেই চিনি, তেলসহ সব ধরনের পণ্যের দাম পাল্লা দিয়ে বাড়ছে।

ইতিহাসে যাদের করুণ পতন হয়েছে, তাদের অতীতও একই রকম ছিল উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, রমজানের আগে বিদ্যুৎ ও দ্রব্যের মূল্য বৃদ্ধি করে সরকার জনগণের ওপর জুলুমের যে স্টিমরোলার চালু করেছে, এর প্রতিদান তারা অবশ্যই ভোগ করবে।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, যুগ্ম সদস্যসচিব যোবায়ের আহমেদ ভূঁইয়া, বি এম নাজমুল হক, দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনসহ কেন্দ্রীয়, মহানগর, যুব ও ছাত্র বিভাগের নেতারা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেতা-কর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।