হবিগঞ্জে পিডিবির ২৯ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া

হবিগঞ্জে পাহাড়সম বকেয়া বিদ্যুৎ বিল কোনোভাবেই কমাতে পারছে না পিডিবি। গত ডিসেম্বরের তথ্য অনুযায়ী, জেলায় পিডিবির মোট বকেয়া ২৯ কোটি টাকার বেশি। বছরের পর বছর ধরে জমে থাকা এ বকেয়া বিল আদায়ে নানা পদক্ষেপ নিলেও তেমন কাজ হয়নি।

পিডিবি সূত্র জানায়, গত নভেম্বর পর্যন্ত বকেয়ার পরিমাণ ছিল ২৯ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ৮৬৭ টাকা। প্রায় ৬১ লাখ টাকা আদায়ের পর ডিসেম্বরে তা দাঁড়িয়েছে ২৯ কোটি ১৮ লাখ ৬৫ হাজার ৫৪৫ টাকায়। এর মধ্যে ৫ কোটি ৬১ লাখ ৮৮ হাজার ১৪৫ টাকা বিল সরকারি, বেসরকারি, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে পাওনা। এ ছাড়া হবিগঞ্জ পৌরসভার স্ট্রিটলাইট ও পানি সরবরাহ কেন্দ্রের জন্য ব্যবহৃত বিদ্যুৎ বিলের বকেয়ার পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা।

হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের কাছে তথ্য অধিকার আইনে আবেদন করে জানা যায়, গত ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের আগস্টের মাঝামাঝি পর্যন্ত বকেয়া বিল ও অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের অভিযোগে ৩১১টি মামলা হয়েছে। এসব মামলায় ৪৩৩ জনের কাছে ২ কোটি ৬৮ লাখ ৮৫ হাজার ৩৫৮ টাকা বিল পাওনা রয়েছে।

জানা যায়, চলতি বছরের মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত হিসেবে হবিগঞ্জ বিদ্যুৎ বিভাগের (পিডিবি) আওতায় গ্রাহকের সংখ্যা ৩৮ হাজার ৩০০ জন। এর মধ্যে ২৭ হাজার ৩০০ প্রিপেইড মিটার। বাকি ১১ হাজার গ্রাহক পোস্টপেইড মিটার ব্যবহার করছেন।

আবাসিক গ্রাহক শিক্ষক দিলীপ রায় বলেন, ‘বকেয়া আদায়ে মাঝেমধ্যে লোক দেখানো অভিযান চালানো হয়। কিছুদিন পর আবার যেই-সেই। এর খেসারত দিতে হচ্ছে সাধারণ গ্রাহকদের।’

হবিগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের সহকারী প্রকৌশলী রাকীবুল হাসান বলেন, ‘বিদ্যুৎ বিল একটি চলমান প্রক্রিয়া। বকেয়া ও আদায় দুটোই থাকবে। সব গ্রাহক প্রিপেইড মিটারের আওতায় না আসায় বকেয়া থাকা স্বাভাবিক। তবে বকেয়া কমিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্পর্শকাতর হওয়ায় সাধারণ গ্রাহকের মতো সরকারি অফিস, দাতব্য ও ধর্মীয় প্রতিষ্ঠানের লাইন কাটা বা মামলা করা খুব সহজ নয়।’