হজ ও ওমরা এজেন্সির মালিকদের নিয়ে হজ এজেন্ট সম্মেলন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং বিশ্বের নেতৃস্থানীয় পেমেন্ট পরিষেবা দানকারী প্রতিষ্ঠান ভিসা। সম্মেলনের লক্ষ্য ছিল হজ ও ওমরাহ যাত্রীদের জন্য সুবিধাজনক ভ্রমণ নিশ্চিতকরণ এবং বিভিন্ন মূল্য পরিশোধের সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণ।
গত ২৬ ফেব্রুয়ারি এই হজ এজেন্ট সম্মেলনের আয়োজন করেন ভিসার কান্ট্রি ম্যানেজার (বাংলাদেশ, নেপাল এবং ভুটান) সৌম্য বসু। সম্মেলনে সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোল্ডেন বেঙ্গল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক সহসভাপতি ফরিদ আহমেদ মজুমদার, অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশের সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ, এয়ার ট্রিপ ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মো. আবুল খায়ের, হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর সাবেক সভাপতি মো. ইব্রাহিম বাহার, সাউথইস্ট ব্যাংক লিমিটেড এর শরীয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা শরীফ মো. আবু হানিফ এবং মক্কা গ্রুপের চেয়ারম্যান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের সাবেক মহাসচিব এম এ রশিদ শাহ সম্রাট।
সম্মেলনে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন রিয়াদুল জান্নাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপক মো. আব্দুর রহিম এবং আনিকা অ্যাভিয়েশনের ম্যানেজিং পার্টনার মো. নাসির উদ্দীনের কাছে হজ কার্ড হস্তান্তর করেন।
সৌম্য বসু বলেন, আমরা সাউথইস্ট ব্যাংকের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক সুদৃঢ় করতে পেরে এবং ব্যাংকের গ্রাহকদের ভিসা হজ প্রিপেইড কার্ড অফার করতে পেরে আনন্দিত। সৌদি আরবে ভ্রমণকারী বাংলাদেশি হজযাত্রীদের জন্য সাম্প্রতিক কোটা বৃদ্ধির ফলে, হজযাত্রার জন্য প্রচুর নগদ বহন করার পরিবর্তে সহস্রাধিক মার্চেন্টদের ডিজিটালভাবে পেমেন্টের পাশাপাশি এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনের একটি সুবিধাজনক উপায় দিতে পেরেও আমরা আনন্দিত। এ ছাড়া, কার্ডহোল্ডাররা কার্ডে টাকা লোড করে এক্সচেঞ্জ রেটের চিন্তা ছাড়াই নগদবিহীন ভ্রমণের আত্মবিশ্বাসের সঙ্গে বিভিন্ন পেমেন্ট করতে পারবেন।
অন্যান্য স্বনামধন্য হজ এজেন্সির মালিক ও সিইও এবং সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং ভিসার ঊর্ধ্বতন কর্মকর্তারাও উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন।