প্রায় ৫ কোটি টাকা বিল বকেয়া থাকায় কুড়িগ্রাম পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)। গতকাল রবিবার সকালে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধের আশশ্বাসে বিকেল সাড়ে ৫টার দিকে পুনরায় সংযোগ দেওয়া হয়।
জানা যায়, পৌরসভার জন্মলগ্ন থেকে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ না করায় বর্তমানে মোট বকেয়ার পরিমাণ দাঁড়িয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা। গতকাল সকালে সংযোগ বিচ্ছিন্ন করার পর সারা দিন বিদ্যুৎবিহীন অফিস করেছেন কর্মচারীরা।
নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম সেলিম বলেন, ‘জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছে। মেয়র মহোদয় প্রতিশ্রুতি দিয়েছেন এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করবেন এবং চলতি মাসের বিল পরিশোধ করবেন। পাশাপাশি বকেয়া বিলগুলো ধারাবাহিকভাবে পরিশোধ করবেন। এ বিষয়ে লিখিত অঙ্গীকারনামা হয়েছে।’
পৌর মেয়র কাজিউল ইসলাম বলেন, ‘কথা হয়েছে কিছু বিল পরিশোধ করা হবে। পরে বিকেলে সংযোগ দেওয়া হয়েছে।’