সাগর-রুনি হত্যা মামলা

৯৬ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৯ এপ্রিল নির্ধারণ করেছে আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলম এই দিন ধার্য করেন। এ নিয়ে এই মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ ৯৬ বারের মতো পেছাল। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সাহারা খাতুন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দেন।

এ হত্যাকান্ডের ঘটনায় ১২ ফেব্রুয়ারি রুনির ভাই নওশের আলী রোমান বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে মামলাটির তদন্ত করেন শেরেবাংলা নগর থানার একজন কর্মকর্তা। পরে ওই বছরের ১৬ ফেব্রুয়ারি মামলার তদন্তভার পড়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর। এর দুই মাস পর হাইকোর্টের আদেশে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় র‌্যাবকে। এরপর থেকে এ মামলা তদন্তেই আটকে আছে। সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আটজনের কেউই এখন পর্যন্ত হত্যাকান্ডের দায় স্বীকার করেননি। মামলার আসামিদের মধ্যে দুজন বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল ও সাগর-রুনির কথিত বন্ধু তানভীর রহমান জামিনে আছেন। অন্য ছয় আসামি মিন্টু ওরফে বারগিরা মিন্টু, বকুল মিয়া, কামরুল হাসান অরুণ, রফিকুল ইসলাম, এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির ও আবু সাঈদ কারাগারে আটক আছেন। তদন্তের প্রয়োজনে এ পর্যন্ত ১৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করেছে র‌্যাব।