জানা গেল ব্যবসায়ী ইয়াছিন হত্যার কারণ

রাজধানীর মোহাম্মদপুরের সার্জিক্যাল ব্যবসায়ী ইয়াছিন আলী মুন্না হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সিএসজিচালক বেশে সংঘবদ্ধ এক ছিনতাইকারী চক্রের হাতে খুন হন ইয়াছিন, খুনিদের অন্যতম মো. কবির হোসেনকে গ্রেপ্তারের পর চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পিবিআই।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর ইয়াছিন আলী মুন্নার মরদেহ উদ্ধার করে পুলিশ। তার গ্রামের বাড়ি বগুড়া থেকে ঢাকার বাসার উদ্দেশে রওনা হওয়ার পর ডিএমপির শেরেবাংলা নগর থানাধীন শেরেবাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল গেটের রাস্তার পাশে থাকা ময়লার স্তূপের পাশে তার লাশ পাওয়া যায়। ইয়াছিনের বড় বোনজামাই একেএম আমানুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানার মামলা করেন।

গতকাল রবিবার সকালে পিবিআই হেডকোয়ার্টার্সে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে হত্যাকা-ের ঘটনায় জড়িত মো. কবির হোসেনকে (৫০) রাজধানীর হাজারীবাগের ম্যাটাডোর মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুসারে পিবিআই ইয়াছিন আলী হত্যার সময় ব্যবহৃত দুটি সিএনজি উদ্ধার করেছে।