আগের দুই ম্যাচেও হাসেনি লিটন দাসের ব্যাট। বাংলাদেশও হেরে গেছে সিরিজ। শেষ ম্যাচটা তাই ইংলিশদের কাছে নিয়মরক্ষার। টাইগারদের কাছে চাপহীন এক ম্যাচ। অথচ এ ম্যাচেও লিটন দাস সমর্থকদের করেছেন হতাশ। ফিরে গেছেন রানের খাতা খোলার আগেই।
লিটনের বিদায়ের পর একই পথ যেন অনুসরণ করেছেন অধিনায়ক তামিম ইকবাল। তিনিও টিকে থাকেননি বেশিক্ষণ। ভালোর শুরুর ইঙ্গিত দিয়েও তিনি আউট হয়ে যান।
তাদের এমন ব্যর্থতায় প্রভাব পড়েছে দলের ব্যাটিংয়েও। পাওয়ার প্লেতে বাংলাদেশ আর কোনো উইকেট না হারালেও করেছে মাত্র ৩৪ রান। টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরু থেকেই ছিল ব্যাকফুটে। প্রথম ওভারের পঞ্চম বলেই তারা হারায় লিটন দাসের উইকেট। স্যাম কারানের বলে জস বাটলারের হাতে তুলে দিয়েছেন ক্যাচ। তিন বল খেলে গেলেও খুলতে পারেননি রানের খাতা। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতেও শূন্য রানেই ফিরে গিয়েছিলেন।
তবে অধিনায়ক তামিম অবশ্য এদিন শুরু থেকে আগ্রাসী ক্রিকেটের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু ৬ বলে মাত্র ১১ রান করেই প্যাভিলিয়নের পথ ধরতে হয়েছে তাকে। তার ব্যাট থেকে এসেছিল একটি চার। তিনিও আউট হয়েছেন স্যাম কারানের বলেই। ছক্কা মারতে গিয়ে ভিন্সের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি।
এই দুই উইকেট পতনের পর দলের হাল ধরেছিলেন মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।