এক রানের ব্যবধানে ইংল্যান্ডের নেই তিন উইকেট

ঝড়ো শুরু করেছিল ইংল্যান্ড। দিচ্ছিল দ্রুত ম্যাচ শেষের আভাস। পাওয়ার প্লেতেও পেয়ে যায় ভালো সংগ্রহ। তবে সাকিব আল হাসান ও ইবাদত হোসেনের বোলিংয়ে দ্রুত তিন উইকেট হারিয়ে ফেলেছে ইংলিংশরা। এক রানের ব্যবধানে তিন টপ অর্ডারকে হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে গেছে তারা।

৭ ওভার শেষে যখন ইংলিশরা ছড়ি ঘুরাচ্ছিল, তখন অধিনায়ক তামিম বোলিংয়ের দুই প্রান্তে বদল আনেন। ২ ওভারে ১৮ রান দেওয়া তাইজুলকে সরিয়ে ইবাদতকে এনেছেন তামিম, সিরিজে প্রথম ম্যাচ খেলতে নামা পেসার করেছেন ইনিংসে প্রথম বাউন্ডারিশূন্য ওভার। অন্য প্রান্তে মোস্তাফিজের জায়গায় আসেন সাকিব।

লেগ সাইডের বলে স্কয়ার লেগ দিয়ে চার মেরে সাকিবকে স্বাগত জানান ফিল সল্ট। পরেও একই শট মারতে চেয়েছিলেন। কিন্তু শটটা খেলার পর থেকেই যেন সল্ট বুঝতে পেরেছিলেন, কী হতে যাচ্ছে। তার হতাশাটাও ছিল স্পষ্ট। সাকিবের অফ স্টাম্পের বাইরের বলে টেনে মারতে গিয়ে সোজা কাভারে মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েছেন ইংলিশ ওপেনার। বাংলাদেশ পেয়েছে প্রথম ব্রেকথ্রুর দেখা। ২৫ বলে ৩৫ রান করে ফিরেছেন সল্ট, ইংল্যান্ডের ওপেনিং জুটি ভেঙেছে ৫৪ রানে।

এই উইকেট হারানোর পর যেন ছন্নছাড়া হয়ে যায় ইংলিশরা। সেটা দেখা গেল পরের ওভারেই। আড়াআড়ি খেলতে গিয়ে সোজা মিড অনে ধরা পড়লেন ডেভিড ম্যালান, বাংলাদেশকে দ্বিতীয় ব্রেকথ্রু এনে দিয়েছেন ইবাদত হোসেন।

ৎপরের ওভারে সাকিবকে জায়গা বানিয়ে খেলতে গিয়ে মিস করে বোল্ড হয়েছেন রয়। নিচু হয়েছিল বল, রয় সেটির নাগাল পাননি। ১ রানের মধ্যে ইংল্যান্ড হারিয়েছে ৩ উইকেট!