চাঁপাইনবাবগঞ্জে মা মেয়ে হত্যার দায়ে তিনজনের ফাঁসি

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উপ-রাজারামপুর কুমারপাড়ায় মা-মেয়েকে হত্যার দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম এই রায় দেন। দন্ডিত ব্যক্তিরা হলেন উপ-রাজারামপুর কুমারপাড়ার হুমায়ন কবির (৩৪), মাহবুব আলম (৩২) ও মোহাম্মদ রুবেল (৩৩)। এর মধ্যে দন্ডপ্রাপ্ত মাহবুব আলম পলাতক রয়েছেন। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত সরকারি কৌঁসুলি রবিউল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ৩১ আগস্ট প্রবাসী নাসির উদ্দীনের স্ত্রী নাসিমা বেগমকে কুপিয়ে ও তার শিশুকন্যা নিলাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই নাসিমার বাবা তৈমুর রহমান সদর থানায় মামলা করেন।

মামলা চলাকালে আসামি মজিবুর রহমান খুদি মারা যাওয়ায় এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় তোহরা বেগম ও জাহাঙ্গীরকে খালাস দেওয়া হয়।