ডিজিটাল নিরাপত্তা আইন

সংশোধনে সরকার পিছপা হবে না : আইনমন্ত্রী

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের প্রয়োজনে সরকার পিছপা হবে না বলে মন্তব্য করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের আলোচনার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘এই আইন নিয়ে সরকারের সঙ্গে সবার আলোচনার দ্বার উন্মুক্ত রয়েছে। এটি নিয়ে আবার বসা হবে, সেখানে যে কেউ মতামত দিতে পারবেন। যুক্তিসংগত মতামত সরকার শুনতে চায়।’

গতকাল সোমবার রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘শেপিং অব থার্ড সেক্টর ল’স অ্যান্ড পলিসিস’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘অনেকেই বলেছেন, এই আইন করে কোনো উপকার হয়নি, আমার মনে হয় কিছু কিছু উপকার হয়েছে। আমি এমন কথা বলব না, আইনটির কোনো ত্রুটি-বিচ্যুতি নেই। সব আইনেরই কিছু কিছু পদ্ধতিগত সমস্যা থাকে। আবার কিছু কিছু বাস্তবায়নে সমস্যা থাকে। যখন বাস্তবায়নে সমস্যা হয়, তখন আলোচনার মাধ্যমে তার সমাধান করা হয়। সে কারণেই বলছি, এই আইন নিয়ে আমরা আবারও বসব।’