খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুলভুক্ত সাতটি ডিসিপ্লিনের ১২ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন। গতকাল সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের জীববিজ্ঞান স্কুলে ডিনের সম্মেলন কক্ষে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র এবং প্রাক্তন ডিনদের সম্মাননা স্মারক তুলে দেন। তিনি বলেন, যেকোনো উন্নয়ন একজন চিন্তা করেন, একজন শুরু করেন, আরেকজন বাস্তবায়ন করেন। এইভাবেই মূলত অগ্রগতি অর্জিত হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিনস অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ ৪-৫ বছর আগে গ্রহণ করা হলেও তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। এটা আশাব্যঞ্জক। তিনি ভবিষ্যতে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বড় পরিসরে আয়োজন করার পরামর্শ দেন, যাতে করে এই স্কুলের সব শিক্ষার্থী সেখানে উপস্থিত থাকতে পারে এবং এ থেকে অনুপ্রাণিত হয়।