পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে যে ইঙ্গিত মেসির

লিওনেল মেসির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চায় তার বর্তমান ক্লাব পিএসজি। তাকে সেই প্রস্তাবও দিয়েছে তারা। তবে এখনও সেই আহ্বানে সাড়া দেননি এই আর্জেন্টাইন তারকা। ইউরোপীয় গণমাধ্যমগুলোর দাবি করছে প্যারিসে আর থাকতে চাইছেন না মেসি।

চলতি বছরের জুনে ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে তার। গুঞ্জন রয়েছে, পিএসজির প্রস্তাব পছন্দ হয়নি মেসির। আর তাই প্রথম দফায় দুই পক্ষের আলোচনাও ভেস্তে গেছে। এদিকে, মেসির দলবদল নিয়ে আলোচনার মধ্যেই পিএসজির ওয়েবসাইটে একটি সাক্ষাৎকার দিয়েছেন ফুটবলের এই জাদুকর।

মেসি বলেন, ‘প্রথম বছর প্যারিসে মানিয়ে নিতে সময় লেগেছে। সেটি বিভিন্ন কারণে। কিন্তু এ মৌসুম অন্যভাবে শুরু করেছি। অনেক কিছু জেতার ইচ্ছে আছে মনে। আমি এই ক্লাব, শহর ও শহরের মানুষদের উপভোগ করতে শুরু করেছি। হ্যাঁ, খুব ভালো একটা মৌসুম কাটাচ্ছি।’

মেসির এমন স্বীকারোক্তির পর অনেক গুঞ্জনই থেমে যাওয়ার কথা। ট্রান্সফার বিশেষজ্ঞদের ধারণা, আরও অন্তত এক বছর ক্লাবের সঙ্গে চুক্তি বাড়াতে পারেন মেসি। এদিকে, আর্জেন্টাইন তারকাকে পেতে মরিয়া আমেরিকার মেজর সকার লিগ (এমএলএস)। প্রয়োজনে তারা মেসি ও তার পরিবারকে ক্ষতিপূরণ দিতেও রাজি।