‘পুষ্পা ২’-তে সাই পল্লবী চমক

‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে আল্লু অর্জুনের এ সিনেমা, ব্যবসা করে প্রায় ৪০০ কোটি। সিনেমার সাফল্যের পর জল্পনা শুরু হয় এর দ্বিতীয় কিস্তি নিয়ে, যার শুটিং ইতিমধ্যে শুরুও হয়ে গিয়েছে।

জানা গেছে, ‘পুষ্পা ২’-তে রাশমিকা মান্দানার পর এবার যোগ দিতে চলেছেন আরেক জনপ্রিয় তারকা সাই পল্লবী। দ্বিতীয় কিস্তি অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এ ফাহাদ ফাসিলের বিপরীতে দেখা মিলবে এ অভিনেত্রীর।

শোনা যাচ্ছে, কিছু দিনের মধ্যে ছবির শুটিংয়ে যোগ দেবেন পল্লবী। সপ্তাহ খানেকের মধ্যেই নিজের চরিত্রের কাজ শেষ করবেন তিনি। এই খবর প্রকাশ্যে আসতেই ছবি নিয়ে উদ্দীপনা আরও বেড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যে। অনেকের ধারণা, সামান্থার জায়গায় সাই পল্লবীকেই হয়তো দেখা যাবে একটি গানে নাচ করতে। যদিও এখনও এই বিষয়ে মুখ খোলেননি ছবির নির্মাতারা।

‘পুষ্পা’ ফ্র্যাঞ্চাইজ়ির দ্বিতীয় ছবি ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং বিশাখাপত্তনমের পর এখন হায়দরাবাদে চলছে। সেখানেই এখন ব্যস্ত সময় পার করছেন আল্লু-রাশমিকারা। এই ছবির জন্যেই শাহরুখের ‘জাওয়ান’ সিনেমা ফিরিয়ে দিয়েছেন আল্লু।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া