রাজধানীর বনানীতে প্রাইভেট কারচাপায় বিজিবির অবসরপ্রাপ্ত সদস্য মনোরঞ্জন হাজংয়ের পা হারানোর মামলায় আসামি সাঈদ হাসান সাব্বিরকে অব্যাহতি দিয়েছে আদালত। গত মঙ্গলবার এ মামলায় অভিযোগ গঠনসংক্রান্ত শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন অব্যাহতির আবেদন মঞ্জুর করেন।
এক বছরের বেশি সময় আগে বাবা মনোনরঞ্জনের পা হারানোর ঘটনায় মামলা করেছিলেন মেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের সার্জেন্ট মহুয়া হাজং।
আদালতে সাঈদ হাসানের অব্যাহতির আবেদন শুনানিতে ছিলেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী নজিব উল্ল্যাহ হিরু, বর্তমান সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক খন্দকার গোলাম কিবরিয়া যোবায়ের।
প্রসঙ্গত, ২০২১ সালের ২ ডিসেম্বর বনানী চেয়ারম্যানবাড়ি ইউলুপে মোটরসাইকেলে থাকা মনোরঞ্জন হাজংকে একটি প্রাইভেট কার চাপা দিয়ে চলে যায়। এতে মারাত্মক আহত হন মনোরঞ্জন। হাসপাতালে নেওয়ার পর প্রথমে তার ডান পায়ের গোড়ালি পর্যন্ত এবং পরে সংক্রমণ হওয়ায় হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়।
এ ঘটনায় মনোরঞ্জনের মেয়ে মহুয়া হাজং মামলা করতে চাইলেও সংশ্লিষ্ট থানায় মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।