আইন মন্ত্রণালয়ে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ানোর জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, আমি জানতে পেরেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শর্তযুক্ত মুক্তির জন্য আবেদন করেছেন। সেটি মন্ত্রণালয়ে এসেছে। তবে আমার কাছে এখনও আসেনি। ফাইলটি দেখার পর আমি জানাতে পারব।

তিনি আরও বলেন, তার (খালেদা জিয়ার) পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। আমি যেটা মনে করি, আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসেনি। তার বিদেশে চিকিৎসার বিষয়টি আগের শর্তে নেই। তাকে বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে তা সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

উল্লেখ্য, গত বছর ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির মেয়াদ (ষষ্ঠ দফা) ছয় মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি মাসের ২৪ তারিখ শেষ হচ্ছে তার মুক্তির মেয়াদকাল।