ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ২০১ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ২৫ হাজার মেট্রিক টন চিনি কিনবে সরকার। আজ বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসংক্রান্ত দুটি আলাদা প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে (টিসিবি) স্থানীয়ভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি গ্লোবাল করপোরেশন ঢাকার কাছ থেকে ১৩২ কোটি ৫০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়াও টিসিবি কর্তৃক আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয়পদ্ধতিতে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) গোল্ডেন উইংস জেনারেল ট্রেডিংয়ের (স্থানীয় এজেন্ট : শানজাইব লিমিটেড, ঢাকা) কাছ থেকে ৬৮ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।