মানুষের দৈনন্দিন জীবনের কিছু কিছু অভ্যাসে পরিবর্তন আনলে কিডনি রোগের ঝুঁকি অনেকখানি কমানো যায়। এই বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ইউনাইটেড হেলথকেয়ারে বিশ্ব কিডনি দিবস উদ্যাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ মার্চ) ইউনাইটেড হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল (গুলশান), ইউনাইটেড মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল (সাতারকুল), এম এ রশিদ হসপিটাল (জামালপুর) এবং মেডিক্স (ধানমন্ডি) তে বিশ্ব কিডনি দিবস উদ্যাপন করা হয়।
দিবসটি উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার ফ্রি কিডনি স্ক্রিনিং সহ পুরো মাস জুড়ে নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।
আজ দিনের শুরুতেই ইউনাইটেড হসপিটালের ডাক্তার, নার্স, মেডিকেল প্রফেশনালসহ প্রশাসনিক কর্মকর্তারা গুলশানে এক সচেতনতামূলক র্যালিতে অংশ গ্রহণ করেন।
মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে গুলশানের ইউনাইটেড হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের নেতৃত্বে ১১ মার্চ শনিবার দিনব্যাপী কিডনি স্ক্রিনিং অনুষ্ঠিত হবে।
সাতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ ও হসপিটালে আগামী ১২ মার্চ রবিবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এবং ১৫ মার্চ বুধবার ধানমন্ডির মেডিক্সে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট দ্বারা কিডনি স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। উক্ত ফ্রি কিডনি স্ক্রিনিং প্রোগ্রামে যে কেউ কিডনির পারিবারিক ইতিহাস ও শারীরিক লক্ষণাদি পর্যালোচনা করে কিডনির বর্তমান অবস্থা যাচাই করতে পারবেন।
প্রয়োজনে পরবর্তী করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন। এই উদ্যোগসমূহ সারা দেশের মানুষকে উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড হাসপাতালের প্রতিশ্রুতির অংশ।