তিন মাসের মধ্যে বাবার আপিল নিষ্পত্তির নির্দেশ

জাপান থেকে আসা ১৩ ও ১১ বছর বয়সী দুই শিশুর জিম্মা পেতে অধস্তন আদালতে তাদের বাবা ইমরান শরীফের করা আপিল তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ এসেছে সর্বোচ্চ আদালত থেকে। ঢাকা জেলা জজ আদালতের উদ্দেশ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে এ সময়ের দুই পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে আদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে গঠিত সাত বিচারকের আপিল বিভাগ এ আদেশ দেয়।

সংশ্লিষ্ট আইনজীবীরা বলেন, এ আদেশের ফলে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে। অর্থাৎ ইমরান শরীফ ও জাপানি নাগরিক নাকানো এরিকোর বড় সন্তান মায়ের কাছে এবং অন্য সন্তান থাকবে বাবার কাছে। আর এ সময়ের মধ্যে কোনো পক্ষ সন্তানদের নিয়ে দেশের বাইরে যেতে পারবে না।

আদালতে ইমরান শরীফের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আখতার ইমাম। সঙ্গে ছিলেন আইনজীবী রাশনা ইমাম। নাকানো এরিকোর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি ও আহসানুল করিম। তাদের সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

অ্যাডভোকেট শিশির মনির দেশ রূপান্তরকে বলেন, দুই শিশুকে আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে না নিতে নাকানো এরিকোর উদ্দেশ্যে গত বছরের ১৩ ফেব্রুয়ারি আদেশ দিয়েছিল আপিল বিভাগ। আদেশের এই অংশটি পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছিলাম। একই সঙ্গে শিশুদের বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার একটি আবেদন করেন নাকানো এরিকো।

অন্যদিকে শিশুদের মা নাকানো এরিকোর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে ইমরান শরীফ একটি আবেদন করেছিলেন। এসব আবেদনের ওপর গত ২ মার্চ শুনানি শেষে ৯ মার্চ (গতকাল) আদেশের জন্য ধার্য করে আপিল বিভাগ। এর ধারাবাহিকতায় আজ (গতকাল) এ আদেশ হয়।