মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু ১৫ মার্চ

মেট্রোরেলের এমআরটি লাইন-৬-এর আরও দুটি স্টেশন মিরপুর-১১ ও কাজীপাড়া স্টেশন আগামী ১৫ মার্চ চালু হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এ তথ্য জানান।

এম এ এন ছিদ্দিক বলেন, ‘আগামী ১৫ মার্চ থেকে মেট্রোরেলের স্টেশন দুটি থেকে যাত্রীসেবা শুরু হবে। মার্চের মধ্যেই উত্তরা থেকে আগারগাঁও অংশের ৯টি স্টেশনের সবগুলো স্টেশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলাম আমরা। এর অংশ হিসেবে ১৫ মার্চ কাজীপাড়া ও মিরপুর-১১ স্টেশন চালু হচ্ছে। বর্তমান যে টাইমিং (সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত) চলছে সে সময়েই চলবে।’

তিনি আরও বলেন, ‘উত্তরা দক্ষিণ ও শেওড়াপাড়া স্টেশন দুটি চলতি মাসের শেষ সপ্তাহে চালু হবে এবং আগামী জুলাই মাসে সকাল থেকে রাত পর্যন্ত মেট্রোরেল চালু করা হবে। মেট্রোরেল লাইন-৬-এর আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ শেষপর্যায়ে। স্টেশনের কাজ প্রায় শেষ। এক্সিট ও এন্ট্রির নির্মাণকাজ চলছে।