দূষণে ঢাকাকে ছাড়িয়ে গেল কুমিল্লা

শীতকাল শুরুর পর থেকেই বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় প্রথম দিকে স্থান করে নেয় বাংলাদেশের রাজধানী ঢাকা। তবে, আজ শুক্রবার দূষিত শহরের দিক থেকে ঢাকাকে ছাড়িয়ে গেছে কুমিল্লা। আজ ঢাকার অবস্থান নবম, এটিও 'অস্বাস্থ্যকর'। শীর্ষ দূষণের দিক থেকে প্রথমে আছে পাকিস্তানের শহর লাহোর।

আজ শুক্রবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই)-এ কুমিল্লার স্কোর রেকর্ড করা হয় ১৭৯; যার অর্থ শহরটির বাতাসের মান 'অস্বাস্থ্যকর'। আর ঢাকার স্কোর ১৬৪। এলাকাভিত্তিক হিসেবে আজিমপুর ১৬০ স্কোর নিয়ে ঢাকার মধ্যে শীর্ষ দূষিত এলাকা হিসেবে শুক্রবার স্থান করে নিয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।