দীর্ঘদিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্স। অসুস্থতা বেড়ে যাওয়ায় ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ শেষের কয়েক ঘণ্টা পরই দেশে রওনা দেন। শেষবেলায় মায়ের পাশে থাকলেও বাঁচানো গেল না। চলেই গেলেন তাঁর মা।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়া এ খবর জানিয়েছে। চলমান আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল তার প্রতি শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরেছে।
ক্রিকেট অস্ট্রেলিয়া প্যাট কামিন্স ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছে, ‘প্যাট কামিন্সের মা মারিয়া কামিন্সের মৃত্যুতে ক্রিকেট অস্ট্রেলিয়া গভীরভাবে শোকাহত। প্যাট ও তাঁর পরিবারের প্রতি রইল সমবেদনা আমাদের পক্ষ থেকে সমবেদনা। আহমেদাবাদ টেস্টে অস্ট্রেলিয়া দল শ্রদ্ধা জানিয়ে কালো বাহুবন্ধনী পরে মাঠে নামবে।’
২০২০-২১ মৌসুমে ভারত সিরিজের সময় প্যাট কামিন্সের মতো ক্যানসারে আক্রান্ত বাবাকে হারিয়েছিলেন মিচেল স্টার্ক। তিনি প্যাট কামিন্সের মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, ‘তার এখন পরিবারের সঙ্গেই থাকা উচিত। পরিবারকে মানসিক সমর্থন জানানোটাই বেশি জরুরি।’
টেস্টের পাশাপাশি অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের নেতৃত্বেও আছেন কামিন্স। আহমেদাবাদ টেস্ট শেষে ভারতের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া।