ভারতের ধনকুবের মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপের হাত ধরে এই গ্রীষ্মেই ফিরছে বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া ১৯৭০-৮০’র দশকের জনপ্রিয় পানীয় ব্র্যান্ড ক্যাম্পাকোলা।
ভারতে তরুণ প্রজন্মের অনেকেই শোনেননি এই ক্যাম্পাকোলার নাম। কিন্তু ৭০-৮০ এর দশকে এই ঠাণ্ডা পানীয়ই ‘গরম’ করে রেখেছিল বাজার। শিশু থেকে বৃদ্ধ সবারই পছন্দ ছিল ক্যাম্পাকোলা। ৯০ এর দশকের গোড়ার দিকে পানীয়টি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। সে জায়গায় বাজার দখল করে বিদেশি পেপসি এবং কোকাকোলা। মুছে যায় ক্যাম্পাকোলার নাম।
সেই বিস্মৃত পানীয়কেই নতুন মোড়কে ফেরাতে উদ্যোগী হয়েছে আম্বানির রিলায়েন্স। ২০২২ সালের আগস্টে তারা দিল্লির ‘পিওর ড্রিঙ্কস’ গ্রুপের কাছ থেকে ২২ কোটি রূপিতে ক্যাম্পাকোলার স্বত্ব কিনেছে বলে জানিয়েছে বিবিসি।
হারানো এই ঠাণ্ডা পানীয়ের ব্র্যান্ডকে নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে রিলায়েন্সের। দেশীয় তরল দিয়েই তারা টক্কর দিতে চায় যুক্তরাষ্ট্রের পেপসি ও কোকাকোলার সঙ্গে। পরিকল্পনা অনুযায়ী, ক্যাম্পা-র মধ্যে ক্যাম্পা কোলা, ক্যাম্পা লেমন এবং ক্যাম্পা অরেঞ্জ-এই তিনটি ঠাণ্ডা পানীয় রাখা হবে।
ক্যাম্পাকোলা, কোকাকোলার মতো। ক্যাম্পালেমন সেভেন আপ বা স্প্রাইটের মতো। আর ক্যাম্পাঅরেঞ্জ অনেকটা ফ্যান্টার মতো।
বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, এ নতুন তিন ফ্লোভারের ক্যাম্পা কোলা বাজারে এলে পেপসি এবং কোকাকোলাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
বৃহস্পতিবার (৯ মার্চ) রিলায়েন্স জানায়, দেশের বাজারে ভারতীয় ব্র্যান্ডকে এগিয়ে নেওয়া এবং ভারতীয় ঐতিহ্য ফিরিয়ে আনতেই তাদের এ প্রচেষ্টা।
রিলায়েন্স কনজিউমার প্রোডাক্টস (আরসিপিএল) এবং রিটেইল ভেঞ্চার্স ভারত জুড়ে এই কোল্ড ড্রিঙ্কস বাজারে আনবে। তবে প্রাথমিকভাবে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা থেকে এটি বাজারে ছাড়া শুরু হবে।
রিলায়েন্স গ্রুপের এক প্রতিনিধি বলেন, প্রায় সব বাড়ির বড়রাই এক সময়ে ক্যাম্পাকোলা পান করেছেন। ফলে পরিবারের বয়স্করা এটি পান করে হয়ে উঠবেন স্মৃতিমেদুর। আর নতুন প্রজন্ম এই কোলা পান করে নতুনত্বের স্বাদ পাবে।