ময়মনসিংহে শতাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে আওয়ামী লীগের বিভাগীয় মহাসমাবেশে এখন বক্তব্য দিচ্ছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে অনুষ্ঠানস্থলে পৌঁছেই শতাধিক প্রকল্প উদ্বোধন করেছেন তিনি।

শনিবার দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর সেখান থেকে জেলা সার্কিট হাউজ মাঠে এসে একসঙ্গে ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শেখ হাসিনা।

এর মধ্যে প্রায় ৫৭০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং প্রায় ২ হাজার ৭৬২ কোটি টাকা ব্যয়ে ৩০টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সরকারপ্রধান।

দীর্ঘ চার বছর পর প্রধানমন্ত্রী ময়মনসিংহে এলেন। তার সমাবেশকে ঘিরে সকাল থেকেই হাজার হাজার নেতা-কর্মী মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। নেতা-কর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো নগর।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা প্রধানমন্ত্রীর কর্মসূচির জন্য শুক্রবার থেকেই ময়মনসিংহ শহরে অবস্থান করছেন। সমাবেশকে ঘিরে নগরে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।