টেস্ট ক্যারিয়ারে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেললেন শুভমান গিল। ফিফটি তুলে নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করলেন বিরাট কোহলি। সুবাদে সিরিজের চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বড় স্কোরের বিপরীতে দারুণ লড়াই জমিয়ে তুলল ভারত।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শনিবার ৩ উইকেটে ২৮৯ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে ভারত। গিল ২৩৫ বলে ১২৮ রানের ইনিংস খেলেছেন। কোহলি অপরাজিত আছেন ৫৯ রানে।
অস্ট্রেলিয়ার চেয়ে অবশ্য এখনও ১৯১ রানে পিছিয়ে ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করেছিল ৪৮০ রান।
আগের দিনের বিনা উইকেটে ৩৬ রান নিয়ে নতুন দিন শুরু করে ভারত। নাথান লায়নের শিকার হওয়ার আগে ওপেনার গিল তিনটি পঞ্চাশোর্ধ জুটি উপহার দিয়েছেন।
উদ্বোধনী জুটিতে রোহিত শর্মার সঙ্গে ৭৪, পুজারার সঙ্গে দ্বিতীয় উইকেটে ১১৩, তৃতীয় উইকেটে বিরাট কোহলির সঙ্গে ৫৮ রান যোগ করেন।
রোহিত ৩৫ ও পুজারা ৪২ রান করেন। কোহলি ও রবীন্দ্র জাদেজা চতুর্থ উইকেটে ৪৪ রান তুলে অবিচ্ছিন্ন আছেন। জাদেজা অপরাজিত ১৬ রানে।
প্রথম দুই টেস্ট ভারত জিতে নেওয়ার পর তৃতীয় টেস্ট জিতে অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে তাদের এই টেস্টেও জিততে হবে। সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
অস্ট্রেলিয়া অবশ্য এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে। তাদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ে আছে ভারত। জুনের ফাইনাল নিশ্চিত করতে রোহিতদের এই ম্যাচে জয় প্রয়োজন।