আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে গুঁড়িয়ে দেওয়া লিভারপুল এবার বড়সড় ধাক্কা খেল। টেবিলের তলানির দিকে থাকা বোর্নমাউথের বিপক্ষে হেরে গেল ইয়ুর্গেন ক্লপের দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার ১-০ গোলে হারে লিভারপুল। বোর্নমাউথের পক্ষে একমাত্র গোলটি করেন ফিলিপ বিলিং। তবে কৃতিত্ব দিতে হবে ডাঙ্গো ওউত্তারাকে। যার অসাধারণ অ্যাসিস্টেই গোলটি করেন বিলিং।
প্রথমার্ধের ২৮তম মিনিটে পিছিয়ে পড়ার পর ৬৯তম মিনিটে পেনাল্টি থেকে দলকে সমতা ফেরাতে ব্যর্থ হন মোহামেদ সালাহ। ফলে চূড়ান্ত হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।
চলতি লিগে লিভারপুলের এটি অষ্টম হার। ২৬ ম্যাচে ১২ জয় ও ৬ ড্রয়ে ৪২ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে দলটি। শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তারা পিছিয়ে ২১ পয়েন্ট। ২৬ ম্যাচে ৬৩ পয়েন্ট আর্সেনালের।
বোর্নমাউথ সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ১৬তম স্থানে।