ঘুরে দাঁড়িয়ে রিয়ালের দারুণ জয়

ম্যাচের অষ্টম মিনিটেই লিড নিল এস্পানিওল। ঘরের মাঠে তাতে চাপে পড়ল রিয়াল মাদ্রিদ। প্রথমে দারুণ এক গোলে সেই চাপ দূর করলেন ভিনিসিউস জুনিয়র। এরপর এদের মিলিতাও ও মার্কো আসেনসিওর গোলে তিন ম্যাচ পর জয় তুলে নিল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার ৩-১ জয় তুলে নেয় রিয়াল। এস্পানিওলের পক্ষে একমাত্র গোলটি করেন হোসেলু।

এ সপ্তাহেই চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এরপর আগামী সপ্তাহে রয়েছে বার্সেলোনার বিপক্ষে লা লিগার ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ দুটির আগে এদিনের জয় নিশ্চিতভাবেই আত্মবিশ্বাসী করবে বার্সেলোনাকে।

এই জয়ে বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে এনেছে রিয়াল। তবে একটি ম্যাচ কম খেলেছে বার্সেলোনা। ২৫ ম্যাচে ১৭ জয় ও পাঁচ ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।